রোনালদোকে নিয়ে জর্জিনার আবেগঘন পোস্ট দাবিতে ভুয়া পেজের স্ক্রিনশট ও এআই ছবি প্রচার

স্পেনের কাছে ১-০ গোলে হেরে ২০২৬ ফুটবল বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। এই প্রেক্ষাপটে ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়া ক্রিস্টিয়ানো রোনালদোকে তার সঙ্গী জর্জিনা রদ্রিগেজের সান্ত্বনা দেওয়ার দৃশ্য দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে দাবি করা হচ্ছে, জর্জিনা রদ্রিগেজ তার ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি “You will remain the king of the game and the best in history”, অর্থাৎ “তুমি খেলাটির রাজা এবং ইতিহাসের সেরা হয়েই থাকবে” ক্যাপশনে পোস্ট করেছেন। উক্ত দাবিতে জর্জিনার নামের একটি ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত পোস্টের স্ক্রিনশটও ছড়ানো হচ্ছে।
এ বিষয়ে গণমাধ্যমে প্রচারিত দাবি দেখুন: একাত্তর টিভি।
ফেসবুকে প্রচারিত একই দাবি দেখুন: এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিটি আসল নয় এবং জর্জিনা রদ্রিগেজও ফেসবুকে এমন কোনো পোস্ট করেননি। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ছবিটি জর্জিনার নামে পরিচালিত একটি ভুয়া ফেসবুক পেজ থেকে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে জর্জিনা রদ্রিগেজের নামে থাকা ভেরিফায়েড ফেসবুক পেজটি পর্যালোচনা করে রিউমর স্ক্যানার। দেখা যায়, পেজটির বায়োতে এটিকে জর্জিনার অফিসিয়াল পেজ দাবি করা হলেও এটি তার আসল পেজ নয়। পেজটির ‘পেজ ট্রান্সপারেন্সি’ অংশ পর্যবেক্ষণে দেখা যায়, এটি ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি গ্রিসের গোলরক্ষক ক্রিস্টোস মান্দাসের নামে তৈরি করা হয়েছিল। পরবর্তীতে ২০২৫ সালের ১৭ জুলাই পেজটির নাম পরিবর্তন করে জর্জিনা রদ্রিগেজের নামে করা হয়।

এ ছাড়া জনপরিচিত ব্যক্তিরা সাধারণত একই ধরনের পোস্ট একাধিক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে থাকেন। তবে আলোচিত ছবিটি জর্জিনা রদ্রিগেজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পাওয়া যায়নি। অথচ ইনস্টাগ্রাম তার ব্যবহৃত অন্যতম প্রধান সামাজিক মাধ্যম, সেখানে তিনি প্রায় নিয়মিত আপডেট শেয়ার করেন এবং ওই ফেসবুক পেজের তুলনায় তার ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যাও অনেক বেশি। কিন্তু আলোচিত পোস্টটি শুধু জর্জিনার নামে পরিচালিত উক্ত ফেসবুক পেজেই পাওয়া গেছে।
এসব তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায়, পেজটি জর্জিনা রদ্রিগেজের নামে পরিচালিত একটি ভুয়া ফেসবুক পেজ।

পরবর্তীতে আলোচিত ছবিটি নিয়েও অনুসন্ধান করে রিউমর স্ক্যানার। অনুসন্ধানে দেখা যায়, ছবিটি সংযুক্ত করে সম্ভাব্য প্রথম পোস্টটি ‘likeplus_oficial’ ইউজারনেমের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে করা হয়। তবে পর্তুগাল কিংবা আন্তর্জাতিক কোনো বিশ্বস্ত গণমাধ্যমে ছবিটি প্রকাশের প্রমাণ পাওয়া যায়নি। পাশাপাশি ছবিটি পর্যবেক্ষণেও এতে এআই দিয়ে তৈরি ছবির কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়।
বিষয়টি আরও নিশ্চিত হতে ছবিটি গুগলের এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনির সহায়তায় যাচাই করা হলে দেখা যায়, এর বেশিরভাগ বা সম্পূর্ণ অংশ গুগলের এআই ব্যবহার করে সম্পাদিত বা তৈরি করা হয়েছে।
সুতরাং, রোনালদোকে নিয়ে জর্জিনার আবেগঘন ফেসবুক পোস্টটি ভুয়া পেজের এবং সান্ত্বনা দেওয়ার দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটিও এআই দিয়ে তৈরি।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Gemini

