‘গোলাম আজমের মৃত্যুর পর তার পাঁচ ছেলেই জানাজায় অংশ নেয়নি’ শিরোনামে আমার দেশের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি ‘গোলাম আজমের মৃত্যুর পর তার পাঁচ ছেলেই জানাজায় অংশ নেননি’ শিরোনামে জাতীয় দৈনিক আমার দেশ এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জামায়াতে ইসলামীর সাবেক আমীর প্রয়াত গোলাম আযমকে নিয়ে আমার দেশ এমন কোনো ফটোকার্ড আমার দেশ প্রকাশ করেনি এবং গোলাম আজমের পাঁচ ছেলের মধ্যে কারোরই তার জানাজায় অংশ না নেওয়ার দাবিটিও সঠিক নয়। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশের ফটোকার্ড ডিজাইন নকল করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে অনলাইন গণমাধ্যম আমার দেশের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ০১ ডিসেম্বর, ২০২৫ উল্লেখ করা হয়েছে।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে আমার দেশের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, আমার দেশের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে আমার দেশের প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্য লক্ষ্য করা যায়।
তবে, ২০১৪ সালে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হওয়া গোলাম আযমের জানাজা পরিচালনা করেন তার ছেলে আবদুল্লাহিল আমান আযমী। অর্থাৎ, গোলাম আজমের জানাজায় তার অন্তত একজন ছেলের উপস্থিতি গণমাধ্যম সূত্রেই নিশ্চিত হওয়া গেছে।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৩ অক্টোবর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) চিকিৎসাধীন অবস্থায় মারা যান একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে ৯০ বছরের সাজাপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযম।
সুতারাং, ‘গোলাম আজমের মৃত্যুর পর তার পাঁচ ছেলেই জানাজায় অংশ নেননি’ শিরোনামে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Daily Amar Desh- Facebook Page
- Amar Desh – Website
- Amar Desh – YouTube Channel
- BBC Bangla – কড়া নিরাপত্তায় ঢাকায় গোলম আযমের জানাজা
- Rumor Scanner’s Own Analysis

