সম্প্রতি, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট প্রচার করা হয়েছে, যেখানে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ছবি ব্যবহার করে করে দাবি করা হয়েছে যে তিনি বলেছেন, ‘আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে এবং থাকবে। আওয়ামী লীগের ৭৫% জনগন শিক্ষায় দক্ষ এবং ৭১ মুক্তি যুদ্ধের সংগ্রামী দল। আওয়ামী লীগ, রাজনৈতিক, কোটনৈতিক অর্থনৈতিক উন্নয়নের চাকা ঘুরাতে জানে। সবাই কে এক হয়ে আন্তর্জাতিক ক্যামেরায় আসতে হবে। শেখ হাসিনা অবশ্যই দেশে ফিরবেন।’।
টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে নিয়ে জর্জিয়া মেলোনি এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত মন্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনা করে দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ, বক্তব্যের উৎস বা প্রাসঙ্গিক রেফারেন্স পাওয়া যায়নি। পোস্টগুলোতে কোথায়, কবে বা কোন প্রেক্ষাপটে তিনি এমন মন্তব্য করেছেন সে সম্পর্কেও কোনো সুনির্দিষ্ট তথ্য উল্লেখ করা হয়নি।
অনুসন্ধানের অংশ হিসেবে জর্জিয়া মেলোনির ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক, থ্রেডস অ্যাকাউন্টে
প্রচারিত তথ্য পর্যবেক্ষণ করেও আলোচিত দাবির সত্যতা মেলেনি।
সাধারণত বিশ্বের কোনো দেশের সরকার প্রধান, বিশেষ করে অন্য দেশের রাজনৈতিক ইস্যুতে কোনো মন্তব্য করলে সেটি গণমাধ্যমে ব্যাপকভাবে সংবাদ আকারে প্রকাশিত হয় এবং বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে তার প্রতিফলন দেখা যায়। কিন্তু ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও শেখ হাসিনা সম্পর্কে এমন কোনো মন্তব্য করার তথ্য বিশ্বস্ত কোনো আন্তর্জাতিক সংবাদমাধ্যমে পাওয়া যায়নি।
সুতরাং, আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে নিয়ে জর্জিয়া মেলোনির নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Giorgia Meloni – Instagram Account
- Giorgia Meloni – YouTube Account
- Giorgia Meloni – Tiktok Account
- Giorgia Meloni – Threads Account
- Rumor Scanner’s analysis.


