আ.লীগের কর্মকাণ্ড ফিরিয়ে আনতে জাপাকে ভোটের আহ্বান করেছেন জিএম কাদের দাবিতে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি ‘আওয়ামিলীগের অসমাপ্ত কর্মকান্ড পুনরায় চালু করতে জাতীয় পার্টিকে ভোট দিন জাপা চেয়ারম্যান জিএম কাদের’ শিরোনামে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদ সদস্যা পদপ্রার্থী জি এম কাদেরের ছবিযুক্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ আওয়ামী লীগের অসমাপ্ত কর্মকান্ড পুনরায় চালু করতে আসন্ন নির্বাচনে জাতীয় পার্টিকে ভোট প্রদানের আহ্বান করে জি এম কাদের কোনো মন্তব্য করেননি৷ প্রকৃতপক্ষে, কোনোপ্রকার তথ্যপ্রমাণ ছাড়াই জি এম কাদেরকে নিয়ে প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ডকে সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে উক্ত দাবিকে সমর্থন করে এমন কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি৷
আলোচিত দাবির বিষয়ে অনুসন্ধানে Rajshahi University News24 নামক রাজশাহী বিশ্ববিদ্যালয় ভিত্তিক ফেসবুক পেজে গত ২০ জানুয়ারি প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটির আংশিক সাদৃশ্য রয়েছে। উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এটির সাথে প্রচারিত ফটোকার্ডে Rajshahi University News24 এর লোগো এবং জি এম কাদেরের ছবির মিল রয়েছে, তবে উভয়ের শিরোনামে ভিন্নতা রয়েছে। মূলত, ‘গণভোটে সকলকে “না” ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের’ শিরোনামে Rajshahi University News24 এর উক্ত ফটোকার্ডটির মূল শিরোনামের স্থলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ‘আওয়ামিলীগের অসমাপ্ত কর্মকান্ড পুনরায় চালু করতে জাতীয় পার্টিকে ভোট দিন জাপা চেয়ারম্যান জিএম কাদের’ শিরোনামটি প্রতিস্থাপন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। পরবর্তীতে, এ বিষয়ে উক্ত পোস্টের মন্তব্যের ঘরে থাকা লিংক এবং একাধিক গণমাধ্যমে (১, ২) প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ২০ জানুয়ারি ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সংবিধান ‘লঙ্ঘন’ করে গণভোট আয়োজনের অভিযোগ তুলে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সরকারের প্রতি অনাস্থা দিতে এবং দেশকে ‘অচল হওয়া থেকে রক্ষা করতে’ জনগণকে ‘না’তে ভোট দেওয়ার আহ্বান জানান।

সুতরাং, জি এম কাদের ‘আওয়ামিলীগের অসমাপ্ত কর্মকান্ড পুনরায় চালু করতে জাতীয় পার্টিকে ভোট দিন’ মন্তব্য করেছেন শীর্ষক দাবিতে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Rajshahi University News24 – Facebook Post
- Samakal – Facebook Post
- bdnews24 – ‘দেশ বাঁচাতে’ গণভোটে ‘না’তে ভোট দিন: জিএম কাদের
বি.দ্র. নির্বাচনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া অপতথ্য দ্রুত মোকাবেলার লক্ষ্যে এই প্রতিবেদনটি সংক্ষিপ্ত ফরমেটে প্রকাশ করা হয়েছে।

