মুক্তিযুদ্ধ ও জামায়াত প্রসঙ্গে গোবিন্দ চন্দ্র প্রামাণিকের নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া

সম্প্রতি, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব ড. গোবিন্দ চন্দ্র প্রামাণিক ‘জামায়াত ৭১ সালে ২ লাখ মা বোনকে ধর্ষণ করেছে, আচ্ছা সেই মা বোনের ছেলে মেয়েগুলো কই? কখনো কাউকে দাবি করতে শুনলাম না কেন যে জামায়াতের অমুক নেতা আমার মা, বোন, নানিকে ধর্ষণ করছে’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফটোকার্ড প্রচারিত হতে দেখা যায়।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গোবিন্দ চন্দ্র প্রামাণিক এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, আলোচিত দাবিটির সূত্রপাত একটি সার্কাজমভিত্তিক ফেসবুক পেজ থেকে, যা পরবর্তী সময়ে বাস্তব দাবিতে ছড়িয়ে পড়ে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনায় দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র পাওয়া যায়নি। সাধারণত গোবিন্দ চন্দ্র প্রামাণিক এমন মন্তব্য করলে সেটি গণমাধ্যমগুলো এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে প্রচার করা হতো। কিন্তু এ বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রে দাবিটির সমর্থনে কোনো তথ্যপ্রমাণ মেলেনি।
এ বিষয়ে অনুসন্ধানে, ‘ChandaVision – খাম্বার কাছের টেম্পুস্ট্যান্ডের টেন পারসেন্ট চাঁন্দা’ নামক নামের একটি ফেসবুক পেজে গত ১৪ মে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। আলোচিত ফটোকার্ডটির সঙ্গে এই ফটোকার্ডের মিল রয়েছে।
ফটোকার্ডটির নিচের অংশে ‘cvnbangla24.com’ নামক একটি কথিত ওয়েবসাইটের ঠিকানা এবং ‘স্বজন হারানোর ১৯৭৫’ শীর্ষক একটি ব্যাঙ্গাত্নক বাক্য রয়েছে। অনুসন্ধানে, ‘cvnbangla24.com’ নামের কোনো ওয়েবসাইটের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। মূলধারার কোনো গণমাধ্যম সাধারণত এ ধরনের ব্যঙ্গাত্মক বাক্য বা ভুয়া ওয়েবসাইট লিংক ব্যবহার করেনা।
পরবর্তীতে, পেজটি পর্যবেক্ষণে দেখা যায়, এটি গণমাধ্যম বাংলাভিশন এর লোগো ও ফটোকার্ডের আদলে তৈরি করা হয়েছে। পেজটির নামও ব্যঙ্গাত্মক। পেজের বায়োতে উল্লেখ রয়েছে, ‘খবরের পেছনের খবর তুলে আনাই আমাদের কাজ। সত্য ১০%, বিনোদন ৯০%। “ChandaVision – খাম্বার কাছের টেম্পুস্ট্যান্ডের টেন পারসেন্ট চাঁন্দা” ফলো করুন, মন ভালো রাখুন।’
এছাড়াও, পেজটিতে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
সুতরাং, গোবিন্দ চন্দ্র প্রামাণিক ‘জামায়াত ৭১ সালে ২ লাখ মা বোনকে ধর্ষণ করেছে, আচ্ছা সেই মা বোনের ছেলে মেয়েগুলো কই? কখনো কাউকে দাবি করতে শুনলাম না কেন যে জামায়াতের অমুক নেতা আমার মা, বোন, নানিকে ধর্ষণ করছে’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

