জামায়াত ক্ষমতায় গেলে পাকিস্তানি আইন চালু করবে শীর্ষক মন্তব্য করেননি মিয়া গোলাম পরওয়ার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে পাকিস্তানের আইনি ব্যবস্থা চালু করবো। পাকিস্তানে যাওয়া আসা ফ্রি করে দিবো।’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জামায়াত ক্ষমতায় গেলে পাকিস্তানি আইন চালু করবে এবং পাকিস্তানে যাওয়া-আসা ফ্রি করে দিবে শীর্ষক আলোচিত মন্তব্যটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার করেননি। প্রকৃতপক্ষে কোনো রকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই মিয়া গোলাম পরওয়ারের নামে আলোচিত ভুয়া এই মন্তব্যটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার। পোস্টে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও মূলধারার গণমাধ্যমগুলোতে দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে মিয়া গোলাম পরওয়ার এরূপ কোনো মন্তব্য করে থাকলে তা মূলধারার গণমাধ্যমে প্রচার করা হতো।
অনুসন্ধানে মূলধারার সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টারের ওয়েবসাইটে গত ১১ অক্টোবরে প্রচারিত এক প্রতিবেদনের সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর খুলনার পাইকগাছায় এক সমাবেশে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে প্রথম কাজ হবে বিদ্যমান শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন এনে এমন ব্যবস্থা চালু করা, যেন সবার শিক্ষা নিশ্চিত হয়। দ্বিতীয় কাজ হবে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং বৈষম্যমুক্ত সমাজ গঠন। সুবিচার প্রতিষ্ঠায় কোরআনের আইনকে সংসদে পাঠাতে হবে এবং কোরআনের ভিত্তিতে সমাজ গঠন করতে হবে।’
তবে অনুসন্ধানে কোথাও জামায়াত ক্ষমতায় গেলে পাকিস্তানি আইন ব্যবস্থা চালু করবে এবং পাকিস্তানে যাওয়া-আসা ফ্রি করে দিবে শীর্ষক মন্তব্য মিয়া গোলাম পরওয়ারের করার দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
সুতরাং, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ‘জামায়াত ক্ষমতায় গেলে পাকিস্তানের আইনি ব্যবস্থা চালু করবো; পাকিস্তানে যাওয়া আসা ফ্রি করে দিবো’ বলে মন্তব্য করেছেন শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- The Daily Star – দুয়েকজন উপদেষ্টা ষড়যন্ত্র করে একটি দলকে ক্ষমতায় নিতে চায়: গোলাম পরওয়ার

