‘না’ নয়, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা করতে সরকারের জন্য আইনগত বাধা নেই বলে মন্তব্য করেছেন ড. ইউনূস

সম্প্রতি ‘গণভোটে সরকারের “না” ভোট চাইতে আইনগত বাধা নেই প্রধান উপদেষ্টা’ শিরোনামে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ছবিযুক্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আসন্ন গণভোট প্রক্রিয়ায় ‘না’ ভোট প্রদান উৎসাহিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কোনো আইনগত বাধা নেই বলে মন্তব্য করেননি প্রধান উপদেষ্টা ড. ইউনূস৷ প্রকৃতপক্ষে, তিনি ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা করতে সরকারের জন্য আইনগত বাধা নেই বলে মন্তব্য করেছেন।
উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে উক্ত দাবিকে সমর্থন করে এমন কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি৷
আলোচিত দাবির বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে ‘The Press’ এর লোগো লক্ষ্য করা যায়। উক্ত সূত্রে ধরে The Press নামক ফেসবুক পেজে গত ১১ জানুয়ারি প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটির আংশিক সাদৃশ্য রয়েছে।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে প্রচারিত ফটোকার্ডে The Press এর লোগো এবং ড. ইউনূসের ছবির মিল রয়েছে, তবে উভয়ের শিরোনামে ভিন্নতা রয়েছে। মূলত, ‘গণভোটে সরকারের ‘হ্যাঁ’ ভোট চাইতে আইনগত বাধা নেই প্রধান উপদেষ্টা’ শিরোনামে The Press এর উক্ত ফটোকার্ডটির মূল শিরোনামের ‘হ্যাঁ’ শব্দটির স্থলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ‘না’ শব্দটি প্রতিস্থাপন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
পরবর্তীতে, এ বিষয়ে একাধিক গণমাধ্যমে (১, ২) প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ১১ জানুয়ারি ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের জন্য যে গণভোট হতে যাচ্ছে, তাতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অন্তর্বর্তী সরকারই প্রচার চালাবে।’ তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা বলেছেন, সরকার নিজেই হ্যাঁ ভোটের জন্য প্রচারণা চালাবে। এক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই।”
এছাড়া, প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে গত ১৮ জানুয়ারি প্রকাশিত পোস্ট থেকেও এ বিষয়ে একই তথ্য জানা যায়৷
সুতরাং, প্রধান উপদেষ্টা ড. ইউনূস গণভোটে ‘না’ ভোটের প্রচারণা করতে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কোনো আইনগত বাধা নেই বলে মন্তব্য করেছেন শীর্ষক দাবিতে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- The Press24 – Facebook Post
- bdnews24 – অন্তর্বর্তী সরকারই ‘হ্যাঁ’ ভোটের জন্য প্রচার চালাবে
- বাংলাদেশ প্রতিদিন – গণভোটে সরকারের প্রচারণা চালানোর ক্ষেত্রে আইনগত বাধা নেই
- Rtv – গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রচারণা চালাবে : প্রেস সচিব
- Chief Adviser GOB – Facebook Post

