গুগল বার্ডের সফটওয়্যার ডাউনলোডের লিংকগুলো ভুয়া

সম্প্রতি, সার্চ ইঞ্জিন গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা গুগল বার্ডের সফটওয়্যার ডাউনলোডের বিজ্ঞাপন হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পেইজ থেকে কিছু লিংক প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা গুগল বার্ডের সফটওয়্যার ডাউনলোডের বিজ্ঞাপন হিসেবে ফেসবুকে প্রচারিত লিংকগুলো ভুয়া। প্রকৃতপক্ষে গুগল ও গুগল বার্ডের নামে বিভিন্ন পেইজ খুলে প্রতারণার উদ্দেশ্যে এসব লিংক প্রচার করা হচ্ছে।

লিংকগুলোর বিষয়ে যাচাইয়ে রিউমর স্ক্যানার টিম প্রথমেই গুগল ও গুগল বার্ডের যেসব পেইজ থেকে বিজ্ঞাপনগুলো প্রচার করা হচ্ছে, সেই পেইজগুলো নিয়ে অনুসন্ধান করে। অনুসন্ধানে লিংক প্রচার করা অন্তত পাঁচটি পেইজের পেইজ ট্রান্সপারেন্সি বিভাগ যাচাই করে দেখা যায়, উক্ত পেইজগুলোর চারটিই সম্প্রতি নাম পরিবর্তন করে গুগল ও গুগল বার্ড সম্পর্কিত নাম ধারণ করেছে।

পরবর্তী অনুসন্ধানে উক্ত পেইজগুলোতে সরবরাহকৃত লিংকগুলোতে প্রবেশের চেষ্টা করে রিউমর স্ক্যানার টিম। এতে দেখা যায়, লিংকে ক্লিক করার পরের ধাপেই কোড সেটিং (বিভিন্ন নাম্বার) সম্বলিত সফটওয়্যার ডাউনলোড করার একটি নির্দেশনা আসে (রিউমর স্ক্যানার টিম নিরাপত্তার স্বার্থে সফটওয়্যারটি ডাউনলোড করা থেকে বিরত থাকে)।

পাশাপাশি কিছু লিংকে প্রবেশ করার পর গুগল ক্রোম থেকে ব্যবহারকারীর উদ্দেশ্যে একটি নিরাপত্তামূলক সতর্কতা প্রদর্শন করা হয়।

গুগল ক্রোম থেকে সাধারণত ম্যালওয়্যার কোনো কিছু ডাউনলোড করতে গেলে এই ধরনের সতর্কবার্তা আসে এবং ডাউনলোড লিংকটি ব্লক করে দেওয়া হয়

পাশাপাশি গুগলের ভ্যারিফাইড ফেসবুক পেইজ, প্রতিষ্ঠানটির ওয়েবসাইট ও একইসাথে গুগল বার্ডের ওয়েবসাইট খুঁজে এই টুলটির সফটওয়্যার চালু করার বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। বরং দেখা যায়, গুগল বার্ড এখন পর্যন্ত কেবল ওয়েবসাইট ভিত্তিক কার্যক্রম চালাচ্ছে।

মূলত, বার্ড হচ্ছে গুগল কর্তৃক নির্মিত একটি আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাট রোবট, যা কেবল ওয়েবসাইট ভিত্তিক কার্যক্রম পরিচালনা করছে। তবে সম্প্রতি বিভিন্ন ফেসবুক পেইজ থেকে বার্ডের সফটওয়্যার ডাউনলোডের লিংক হিসেবে কিছু লিংক প্রচার করা হচ্ছে। তবে অনুসন্ধানে দেখা যায়, এসব ফেসবুক পেইজগুলো ভুয়া এবং পেইজগুলো থেকে যেসব লিংক প্রচার করা হচ্ছে সেসব লিংকগুলোও প্রতারণার উদ্দেশ্যে তৈরি করা।

সুতরাং, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা গুগল বার্ডের সফটওয়্যার ডাউনলোডের বিজ্ঞাপন হিসেবে প্রচারিত লিংকগুলো সম্পূর্ণ ভুয়া এবং প্রতারণামূলক।

তথ্যসূত্র

Share: