শিবির কর্মী বোরকা পরে ভোট চাইতে গিয়ে ধরা পড়েছেন দাবিতে ভিন্ন ঘটনার দৃশ্য প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রচার করে দাবি করা হয়েছে, ‘শিবির কর্মী বোরখাপড়ে ভোট চাইতে গিয়ে কট। সকলে সজাগ থেকো’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত সবচেয়ে ভাইরাল ফেসবুক পোস্টটিতে ১২ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং ৪ হাজারেরও অধিক বার শেয়ার করা হয়েছে।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি শিবির কর্মীর বোরকা পরে ভোট চাইতে গিয়ে ধরা পড়ার কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, সম্প্রতি গোপালগঞ্জে বোরকা পরে মহিলা মাদ্রাসার ছাত্রীর সাথে দেখা করতে এসে হাবিব নামে এক যুবক আটক হওয়ার দৃশ্যকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে দেশিয় সংবাদমাধ্যম ‘আমার বার্তা’ ও ‘নিউজ২৪’ এ গত ২১ জানুয়ারিতে এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনগুলোতে আলোচিত দাবিতে প্রচারিত দৃশ্যেরও সংযুক্তি রয়েছে। ঘটনার বিষয়ে আমার বার্তার প্রতিবেদনে বলা হয়, গোপালগঞ্জে বোরকা পরে মহিলা মাদ্রাসার ছাত্রীর সাথে দেখা করতে এসে হাবিব নামে এক যুবককে আটক করে স্থানীয় জনতা পরে পুলিশের কাছে হস্তান্তর করে।

এরই সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে ‘স্বদেশ টিভি নিউজ’ নামের একটি ওয়েবসাইটে গত ২২ জানুয়ারিতে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, ‘গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খোন্দকারকান্দি গ্রামের হাবিব শেক (২২) বোরকা পরিহিত অবস্থায় চাকু ও সন্দেহজনক ওষুধ নিয়ে লোহাচুড়া গ্রামের মুকসুদপুর মডেল মহিলা ফাজিল মাদ্রাসায় প্রবেশ করে। সংবাদ পেয়ে মুকসুদপুর থানা এস,আই আজাদ সংগীয় ফোর্স নিয়ে তাকে আটক করে মুকসুদপুর থানায় নিয়ে আসে। মাদ্রাসার জুনিয়র মৌলভী কাজী আব্দুল কাদের জানান, উপজেলার খোন্দকারকান্দি গ্রামের শুকুর আলী শেখের ছেলে ও খন্দকারকান্দি ঈদগাহ কওমি মাদ্রাসার শিক্ষক হাবিব শেখ বোরকা পরিধান করে ২১ জানুয়ারী বেলা ১১টার সময় লোহাচূড়া মুকসুদপুর মডেল মহিলা ফাজিল মাদ্রাসায় ভিতরে প্রবেশ করে দাখিল পরীক্ষার্থী হালিমা খানমের সঙ্গে দেখা করার চেষ্টা করেন।..’
এসব সংবাদে গ্রেফতারকৃত ব্যক্তির কোনো রাজনৈতিক পরিচয়ের উল্লেখ পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগে আলোচিত ঘটনার ছবি প্রচার করে ‘মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার জামায়াত নেতা’ দাবিতে প্রচার করা হলে সেসময় ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার টিম।
সুতরাং, গোপালগঞ্জে বোরকা পরে মহিলা মাদ্রাসার ছাত্রীর সাথে দেখা করতে এসে এক যুবক আটক হওয়ার দৃশ্যকে শিবির কর্মীর বোরকা পরে ভোট চাইতে গিয়ে ধরা পড়ার ঘটনার ছবি দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Daily Amar Sangbad – Facebook Post
- News24 – মহিলা মাদ্রাসার লাইব্রেরির ভিতর বোরকা পরা যুবক আটক
- Sawdesh TV News – গোপালগঞ্জ মুকসুদপুর চাকু ও ওষুধ নিয়ে হাবিব বোরখা পড়ে মাদ্রাসায় প্রবেশ।পুলিশ তাকে আটক করেছে

