গোপালগঞ্জে ডা. শফিকুর রহমান শেখ মুজিবকে জাতির পিতা ঘোষণা করেননি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ২৭ জানুয়ারি গোপালগঞ্জ-১ আসনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এক পথসভায় অংশগ্রহণ করেন। এর প্রেক্ষিতে সেখানে বক্তৃতাকালে তিনি শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা ঘোষণা করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফটোকার্ড প্রকাশ করা হয়েছে।

ফেসুবকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত একই ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, গোপালগঞ্জে নির্বাচনী পথসভায় বক্তৃতাকালে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা ঘোষণা করেননি। প্রকৃতপক্ষে, তিনি সেদিন এমন কোনো মন্তব্য করেননি।

অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি পর্যালোচনা করে রিউমর স্ক্যানার এতে কোনো গণমাধ্যমের লোগোর সন্ধান পায়নি। এমনকি ফটোকার্ডটিতে এটি প্রকাশের কোনো তারিখেরও উল্লেখ পাওয়া যায়নি। তবে ফটোকার্ডটির ডানপাশে উপরে AHMED BAPPY লেখা একটি লোগো দেখতে পাওয়া যায়। প্রাপ্ত লোগোর সূত্রধরে একই নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ২৮ জানুয়ারি সকাল ১১ টা ৪৫ মিনিটে প্রচারিত মূল ফটোকার্ডটি পোস্টটির সন্ধান পাওয়া যায়। তবে পোস্টটির এডিট হিস্টোরি পর্যালোচনা করে দেখা যায়, প্রথম পোস্টটিতে যুক্ত ফটোকার্ডটি বা ছবিটি রাত ১০ টা ১৯ মিনিটে সম্পাদনা করে সরিয়ে ফেলা হয়। এরপর সেটির পরিবর্তে আলোচিত ফটোকার্ডটির কিছু অংশের সাথে ভিন্ন আরেকটি ফটোকার্ডের কিছু অংশ যুক্ত করে একটি বিকৃত ফটোকার্ড প্রচার করা হয়।

পাশাপাশি উক্ত ফেসবুক অ্যাকাউন্ট পর্যালোচনা করে দেখা যায়, অ্যাকাউন্টটি থেকে প্রায়শই এমন ফটোকার্ড প্রকাশ করা হয়ে থাকে।

পরবর্তীতে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সেদিন গোপালগঞ্জে আয়োজিত পথসভায় আলোচিত মন্তব্যটি করেছেন কিনা জানতে গণমাধ্যমে প্রচারিত তার সেদিনের বক্তব্য প্রদানের লাইভ ভিডিও পর্যালোচনা করে দেখা হয়। কিন্তু সেদিন তাকে নির্বাচনী বিভিন্ন প্রতিশ্রুতি দিতে শোনা গেলেও শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে ঘোষণা দিতে শোনা বা দেখা যায়নি।

উক্ত ঘটনায় অন্যান্য মূলধারার গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো পর্যালোচনা করেও এমন তথ্যের সত্যতা পাওয়া যায়নি। এছাড়া ডা. শফিকুর রহমানের ফেসবুকে পেজ পর্যালোচনা করেও সেখানে দাবিটির সাথে সংশ্লিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান গোপালগঞ্জে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা ঘোষণা করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: