গৌরনদীর পাম্পে দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ডের ভিডিওকে তেল না দেওয়ায় অগ্নিসংযোগের দাবিতে প্রচার

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশে জ্বালানি তেলের সরবরাহে চাপ তৈরি হয়েছে। বিশেষ করে অকটেন ও পেট্রোলের মজুত দ্রুত কমে আসায় নতুন করে সংকটের শঙ্কা দেখা দিয়েছে। এরই প্রেক্ষিতে পেট্রোল না দেওয়ায় বরিশালের গৌরনদী উপজেলার একটি পেট্রোল পাম্পে বিক্ষুব্ধ জনতা আগুন জ্বালিয়ে দিয়েছে শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পেট্রোল না দেওয়ায় বিক্ষুব্ধ জনতা কর্তৃক পাম্পে আগুন জ্বালিয়ে দেওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, বরিশালের গৌরনদীতে একটি পেট্রোল পাম্পের ডিপোতে তেল খালাসের সময় অগ্নিকাণ্ডের ঘটনাকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে উক্ত দাবি সংবলিত ভিডিওটি থেকে প্রাপ্ত ইমেজ রিভার্স সার্চের মাধ্যমে মাছরাঙা টেলিভিশনের ফেসবুক পেজে গত ০৫ এপ্রিলে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত দাবি সংবলিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

ভিডিওটির ক্যাপশনে উল্লেখ করা হয়, গৌরনদীতে তেলের পাম্পে আগুন লাগার দৃশ্য এটি।
পরবর্তীতে, আলোচিত বিষয়ে দেশীয় একাধিক (১, ২) সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ বিশ্লেষণে জানা যায়, বরিশালের গৌরনদীতে মেঘনা পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি তেলের লরি থেকে পাম্পের ডিপোতে তেল খালাসের সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পরলে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ৩০ মিনিটের ব্যবধানে আগুন নিয়ন্ত্রণ আনেন। তবে, আগুন নিয়ন্ত্রণে আনার আগেই লরি, পাম্পের আংশিক, একটি মাহেন্দ্রা, একটি মোটরসাইকেল সম্পূর্ণ এবং একটি কাভার্ডভ্যান ও একটি মোটরসাইকেল আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
অর্থাৎ, পেট্রোল না দেওয়ায় বিক্ষুব্ধ জনতা কর্তৃক পাম্পে আগুন জ্বালিয়ে দেওয়া হয়নি তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে।
সুতরাং, বরিশালের গৌরনদীতে একটি পেট্রোল পাম্পে তেল খালাসের সময় ঘটা আকস্মিক অগ্নিকাণ্ডের ভিডিওকে পেট্রোল না দেওয়ায় ক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগের ঘটনা দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Maasranga News: Facebook Post
- DBC News: Facebook Video
- Ittefaq: ডিপোতে তেল খালাসের সময় পেট্রোল পাম্পে আগুন
- Rumor Scanner’s Analysis

