বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা চলমান রাখার প্রতিবাদে গত ১৪ জুলাই থেকে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ ও পরীক্ষা স্থগিতের দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আন্দোলন করেন এইচএসসি পরীক্ষার্থীরা। একপর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করেছে বলেও বিভিন্ন স্থানে অভিযোগ ওঠে।
তবে বর্তমানে আন্দোলন স্থগিত থাকলে এমন প্রেক্ষাপটে, আন্দোলনের সময় পুলিশের টানা-হেঁচড়ায় এক নারী শিক্ষার্থী আহত হওয়ার দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচারিত হতে দেখে রিউমর স্ক্যানার।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আকাইভ), এখানে (আকাইভ) এবং এখানে (আকাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনের সময়কার নয়। প্রকৃতপক্ষে, গত মে মাসে চট্টগ্রাম নগরে জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি আঁকতে যাওয়া শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনার ভিডিওকে সাম্প্রতিক এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনের ভিডিও ফুটেজ দাবিতে প্রচার করা হয়েছে।
ভিডিওটির সূত্র অনুসন্ধানে Channel 24-এর ফেসবুকে পেজে গত ১৮ মে প্রকাশিত একই ভিডিওটি প্রচারিত হতে দেখা যায়। অর্থাৎ, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক এইচএসসি পরীক্ষার্থীদের নয়। এছাড়াও ভিডিওটির শিরোনামে বলা হয়, এটি গ্রাফিতি অঙ্কন করতে যাওয়া শিক্ষার্থীদের সাথে পুলিশের ধস্তাধস্তির ঘটনার। সেসময় পুলিশের টানা হেঁচড়ায় ওই শিক্ষার্থী রাস্তায় লুটিয়ে পড়েন।

পরবর্তীতে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে একই ঘটনায় প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৮ মে চট্টগ্রামের টাইগারপাস এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের মুছে ফেলা গ্রাফিতি পুনরায় আঁকতে গিয়ে একদল তরুণ-তরুণীর সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। ঘটনার আগে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত এলাকায় সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছিল। কয়েকজন শিক্ষার্থী ছোট ছোট দলে বিভক্ত হয়ে গ্রাফিতি আঁকার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয় এবং কয়েকজনকে আটক করা হলেও পরে তাদের মুক্তি দেওয়া হয়।
অর্থাৎ, ভিডিওটির সঙ্গে সাম্প্রতিক এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনের কোনো সম্পর্ক নেই। এটি সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটের একটি ঘটনা।
সুতরাং, সম্প্রতি এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনের সময় পুলিশের টানা-হেঁচড়ায় এক নারী শিক্ষার্থী আহত হওয়ার দাবিতে চট্টগ্রামের পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Channel 24 News Facebook Post
- Prothom Alo Website: গ্রাফিতি আঁকতে গিয়ে টাইগারপাসে পুলিশ-শিক্ষার্থী সংঘাত


