বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ‘মানবতাবিরোধী অপরাধ’ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আজ (১৭ নভেম্বর) ঘোষণা হবে। রায় ঘোষণাকে কেন্দ্র করে গত ১৩ নভেম্বর নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি পালন করে। এরপর রায় ঘোষণার তারিখ নির্ধারণের পর দলটি ১৬ ও ১৭ নভেম্বর দুই দিনের সর্বাত্মক ‘শাটডাউন’ কর্মসূচিও ঘোষণা করে।
এর পরপরই ঢাকার মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ এবং দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন (১,২) দেওয়ার ঘটনা ঘটে। এই প্রেক্ষাপটে সম্প্রতি গ্রামীণ ব্যাংকের হেড অফিসে আগুন লেগেছে দাবিতে একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
একই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ছবি আকারে করা পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে কোনো আগুন লাগেনি। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও এবং পরবর্তী সময়ে এর স্থিরচিত্র ব্যবহার করে এই দাবি প্রচার করা হচ্ছে। স্বাভাবিকভাবেই, এমন ধরনের অগ্নিকাণ্ড সত্যিই ঘটলে তা গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হতো।
অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্র মিরপুরে অবস্থিত গ্রামীণ ব্যাংকের হেড অফিসে আগুন লাগার কোনো তথ্য পাওয়া যায়নি।
তবে, গত ১০ নভেম্বর ডেইলি স্টারে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ওইদিন ভোর চারটার দিকে ঢাকার মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।
আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণে বেশ কিছু এআই-জনিত অসংগতি ধরা পড়ে। ভিডিওতে দেখা যায়, ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থল থেকে অস্বাভাবিক দূরত্বে অবস্থান করে পানি ছিটাচ্ছে, অথচ এটি ল্যাডার ট্রাকও নয়। পানি ছিটানোর দিকও আগুনের প্রকৃত উৎসের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। আগুনের সামনে থাকা লোকজনকে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে দেখা যায়, যেখানে বাস্তবে এমন পরিস্থিতিতে তাদের উৎকণ্ঠিত বা আতঙ্কিত থাকার কথা। পাশাপাশি, ওই ব্যক্তিদের মুখমণ্ডল ও হাতের অংশে এআই-জনিত বিকৃতিও লক্ষ্য করা যায়।
এই ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় নির্মিত কিনা তা আরও নিশ্চিত হওয়ার জন্য এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম হাইভ মোডারেশনে ছবিটি পরীক্ষা করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ।

সুতরাং, এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিও ব্যবহার করে রাজধানীর মিরপুরে অবস্থিত গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে আগুন লাগার দাবি প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Daily Star- Report
- Google Location- Grameen Bank Head Office


