নেপালে বাংলাদেশিদের তাড়াতে অভিযানের দাবিতে গুলিস্তানে ফুটপাতের হকার উচ্ছেদের ভিডিও প্রচার

সম্প্রতি, নেপাল সরকার দেশটিতে অবস্থানকারী বাংলাদেশিদের তাড়িয়ে দিচ্ছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচারিত হতে দেখা যায়। ভিডিওটিতে পুলিশের পোশাক পরিহিত একাধিক ব্যক্তিকে ফুটপাতে অবস্থিত দোকানপাট ভাঙচুর করতে ও তাদেরকে সেখানে থেকে সরে যেতে বাধ্য করতে দেখা যায়। 

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

একই দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

থ্রেডসে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

এক্স (সাবেক টুইটার)-এ প্রচারিত একই ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি নেপালে বসবাসরত বাংলাদেশিদের তাড়িয়ে দেওয়ার ঘটনার নয়। প্রকৃতপক্ষে, রাজধানী ঢাকার গুলিস্তানে ফুটপাতের হকারদের উচ্ছেদে পরিচালিত অভিযানের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে নেপালে সরকারের পক্ষ থেকে দেশটিতে অবস্থানকারী বাংলাদেশিদের তাড়িয়ে দিতে কোনো অভিযান পরিচালনা করার তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে উক্ত দাবিতে প্রচারিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে দৈনিক দেশ রূপান্তরের সাংবাদিক Zahir Raihan-এর ফেসবুক অ্যাকাউন্টে গত ১৬ মার্চ একই ভিডিওটি প্রচারিত হতে দেখা যায়। ভিডিওটির শিরোনামে পোস্টকারী বাংলায় উল্লেখ করেন, এটি আইনশৃঙ্খলা বাহিনীর ফুটপাত থেকে হকারদের উচ্ছেদের ঘটনার ভিডিও। জহির রায়হান পোস্টটির মন্তব্যের ঘরে জানান ভিডিওটি তার ধারণ করা। এছাড়াও এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে রিপোস্ট না করতেও সর্তক করেন তিনি।

পাশাপাশি ভিডিওটি পর্যালোচনা করে এতে দেখতে পাওয়া ব্যক্তিদের বাংলা ভাষায় কথা বলতে লক্ষ্য করা যায়। এমনকি ঘটনাস্থলের আশেপাশে বিদ্যমান প্রতিটি ব্যানার, সাইনবোর্ডও বাংলা ভাষায় লেখা। পুলিশের ক্যাপের পেছনেও BANGLADESH POLICE লেখা দেখতে পাওয়া যায়। এ থেকে এটি নিশ্চিত হওয়া যাচ্ছে, ভিডিওটি নেপালের নয় বরং, বাংলাদেশের। এছাড়াও ভিডিওটির পারিপাশ্বিক স্থাপনা পর্যালোচনা করে নিশ্চিত হওয়া যায়, এটি রাজধানীর গুলিস্তানে অবস্থিত জাতীয় বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের সামনের ঘটনা।

একইদিনে জহির রায়হানকে আলোচিত ভিডিওটির পার্শ্ববর্তী শহীদ আবরার ফাহাদ এভিনিউ এলাকায় পুলিশের আরেকটি অভিযানের ভিডিও আপলোড করতে দেখা যায়।

সুতরাং, গুলিস্তানে ফুটপাতের হকার উচ্ছেদের ভিডিওকে নেপালে দেশটির হিন্দু সরকারের সেখানে বসবাসরত বাংলাদেশিদের তাড়ানোর অভিযানের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • Zahir Raihan Facebook Post
  • Zahir Raihan Facebook Post
  • Google Maps
  • Rumor Scanner’s Analysis
Share: