‘মেসি আমাকে গোল্ডেন বুট ছুঁতে দেবে না’ বলে মন্তব্য করেননি হালান্ড

গত ১১ জুন ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর শুরু হয়েছে। বিশ্বকাপের ব্যক্তিগত পুরস্কারগুলোর মধ্যে অন্যতম মর্যাদাপূর্ণ হলো ‘গোল্ডেন বুট’, যা টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া হয়। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে নেমে ফ্রি-কিকে গোল করে এখন পর্যন্ত ৬ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে রয়েছেন লিওনেল মেসি। গোল্ডেন বুটের দৌড়ে মেসির নিকটতম প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন আর্লিং হালান্ড।

এই প্রেক্ষাপটে, হালান্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মেসি আমাকে কখনোই বিশ্বকাপের গোল্ডেন বুট ছুঁতে দেবে না’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি তথ্য গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন: ডেইলি স্টার, যুগান্তর, এটিএন নিউজ (ফেসবুক), এশিয়া পোস্ট (ইউটিউব), সময়ের আলো (ইউটিউব), সুনামগঞ্জের খবর, নিউজনাউ২৪, ডিসকভার বাংলা

একই দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে, এখানে। 

একই দাবিতে ইন্সটাগ্রাম প্রচারিত পোস্ট দেখুন: এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, লিওনেল মেসিকে জড়িয়ে আর্লিং হালান্ড এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, স্ন্যাপচ্যাটে হালান্ডের ভিন্ন একটি স্টোরির ছবি সম্পাদনা করে মেসিকে জড়িয়ে এমন মন্তব্যের ভুয়া স্ক্রিনশট তৈরি করা হয়েছে। প্রথমে সামাজিক মাধ্যম এক্সে স্ক্রিনশটটি প্রচারিত হয় এবং পরবর্তীতে সেই স্ক্রিনশটের ভিত্তিতেই গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়।

গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে হালান্ড কোন সামাজিক মাধ্যমে এমন মন্তব্য করেছেন, তা উল্লেখ করা হয়নি। তবে একাধিক প্রতিবেদনে একটি স্ক্রিনশট যুক্ত করা হয়েছে, যেখানে হালান্ডের ছবিসহ ইংরেজিতে একই মন্তব্য দেখা যায়।


এই সূত্র ধরে অনুসন্ধানে ‘Playmaker’ নামের একটি এক্স (সাবেক টুইটার) প্রোফাইলে একই স্ক্রিনশট প্রচার হতে দেখা যায়। গত ২৮ জুন প্রকাশিত ওই পোস্টে দাবি করা হয়, হালান্ড মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাটে করেছেন।

তবে হালান্ডের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে এমন কোনো মন্তব্য পাওয়া যায়নি। এছাড়া, আন্তর্জাতিক ক্রীড়াবিষয়ক গণমাধ্যমগুলোতেও স্ন্যাপচ্যাটে হালান্ডের এমন মন্তব্য করার কোনো তথ্য মেলেনি।

এর আগে বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে মেসির হ্যাটট্রিকের পর হালান্ড স্ন্যাপচ্যাট স্টোরিতে “Messi is a madman” লিখেছিলেন। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমে প্রতিবেদন (,) প্রকাশিত হয়। ইতালীয় ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও এ নিয়ে পোস্ট করেছিলেন। এমনকি সেই স্টোরির বিভিন্ন সময়ের স্ক্রিনশটও (,,) ইন্টারনেটে পাওয়া যায়। ফলে হালান্ড যদি মেসিকে জড়িয়ে গোল্ডেন বুটের বিষয়ে স্ন্যাপচেটে এমন কোনো মন্তব্য করে থাকতেন, তাহলে এবারও তা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পাশাপাশি সেই মন্তব্যের বিভিন্ন সময়ের স্ক্রিনশটও পাওয়া যাওয়ার কথা ছিল। কিন্তু এ ক্ষেত্রে একটি স্ক্রিনশট ছাড়া নির্ভরযোগ্য কোনো সূত্রে এমন দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এ বিষয়ে আরও অনুসন্ধানে জানা যায়, কিছুদিন আগে হালান্ড স্ন্যাপচ্যাটে ‘What a journey’ এবং ‘So happy’ লিখে স্টোরি দিয়েছিলেন (,)। এর মধ্যে ‘So happy’ লেখা স্টোরিতে ব্যবহৃত ছবিটির সঙ্গে আলোচিত স্ক্রিনশটে ব্যবহৃত ছবির হুবহু মিল পাওয়া যায়। সার্বিক বিষয়বস্তু বিশ্লেষণে প্রতীয়মান হয়, ‘So happy’ লেখা ওই স্টোরির স্ক্রিনশট সম্পাদনা করে সেখানে ‘Messi is never letting me touch the World Cup golden boot’ লেখা যুক্ত করা হয়েছে।

সুতরাং, হালান্ড ‘মেসি আমাকে কখনোই বিশ্বকাপের গোল্ডেন বুট ছুঁতে দেবে না’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: