‘মেসি-বিদ্বেষীদের’ নিয়ে হালান্ডের স্ন্যাপচ্যাট স্টোরির দাবিতে সম্পাদিত ছবি প্রচার

চলমান ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে দুই গোলে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তে মিসরকে ৩-২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এই ম্যাচকে কেন্দ্র করে নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ডের স্ন্যাপচ্যাট স্টোরির দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যায়, হালান্ড একটি গ্লাসে সাদা পানীয় পান করছেন এবং ছবিটির ওপর কালো ব্যাকগ্রাউন্ডে লেখা রয়েছে, “Drinking the tears of Messi haters”, যার বাংলা অর্থ “মেসি-বিদ্বেষীদের চোখের পানি পান করছি”।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, হালান্ড আলোচিত দাবির মতো কোনো স্ন্যাপচ্যাট স্টোরি দেননি। প্রকৃতপক্ষে, গত ৬ জুলাই হালান্ড সাদা পানীয় পানের একটি ছবি স্ন্যাপচ্যাট স্টোরিতে প্রকাশ করেন। পরবর্তীতে ওই ছবিটি সম্পাদনা করে এতে আলোচিত লেখা যুক্ত করা হয় এবং সেটিই হালান্ডের স্ন্যাপচ্যাট স্টোরি দাবিতে প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে হালান্ডের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট পর্যালোচনা করা হয়। তবে সেখানে আলোচিত লেখাসহ কোনো স্টোরির অস্তিত্ব পাওয়া যায়নি। পাশাপাশি, বিশ্বস্ত কোনো সূত্রেও হালান্ডের এমন স্টোরি দেওয়ার তথ্য মেলেনি। বিশ্বকাপ চলাকালীন হালান্ডের মতো জনপ্রিয় ফুটবলার এমন কোনো স্টোরি দিলে তা আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু এ সংক্রান্ত কোনো সংবাদও পাওয়া যায়নি।

এ নিয়ে আরও অনুসন্ধানে অনলাইন কমিউনিটি প্ল্যাটফর্ম রেডিটে গত ৬ জুলাই হালান্ডের একই ছবি সংবলিত একটি স্ন্যাপচ্যাট স্টোরির স্ক্রিনশট পাওয়া যায়। তবে ওই স্ক্রিনশটে আলোচিত দাবিতে থাকা লেখাটির অস্তিত্ব পাওয়া যায়নি। স্ক্রিনশটটি স্টোরি প্রকাশের ৫২ মিনিট পর ধারণ করা হয়েছে বলে তাতে দেখা যায়।

পরবর্তীতে, সেদিন হালান্ডের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টেও একই ছবিসহ একটি স্টোরি পাওয়া যায়। তবে ওই স্টোরিতেও মেসিকে জড়িয়ে আলোচিত লেখাটির অস্তিত্ব মেলেনি।

অর্থাৎ, হালান্ডের স্ন্যাপচ্যাট স্টোরির একটি ছবি সম্পাদনা করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।

সুতরাং, ‘মেসি-বিদ্বেষীদের’ নিয়ে হালান্ডের স্ন্যাপচ্যাট স্টোরি দাবিতে প্রচারিত আলোচিত ছবিটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: