সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নরওয়েজিয়ান ফুটবল তারকা আর্লিং হাল্যান্ড খাওয়ার সময় আয়নায় নিজের মুখ দেখে ভয় পেয়েছেন দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে। ভিডিওতে দেখা যায় কথিত আর্লিং হাল্যান্ড খাওয়ার সময় তার বাম পাশে আয়নায় হঠাৎ নিজেকে দেখে আঁতকে উঠেন।
এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, খাওয়ার সময় নিজেকে আয়নায় দেখে আর্লিং হাল্যান্ড আঁতকে উঠেছেন দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ‘jinlongquiqui’ নামের একটি টিকটক অ্যাকাউন্টে প্রচারিত এক কনটেন্ট ক্রিয়েটরের ভিন্ন এক ভিডিও ব্যবহার করে এই ডিপফেক ভিডিওটি বানানো হয়েছে।
আলোচিত ভিডিওর বিষয়ে অনুসন্ধানে কোনো আন্তর্জাতিক মূলধারার গণমাধ্যম সূত্রে এই ভিডিওটি আসল হওয়ার সপক্ষে পর্যাপ্ত তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে তাতে কথিত হাল্যান্ডকে তার ক্লাব ম্যানচেস্টার সিটির পোশাক পরে থাকতে দেখা যায়। পোশাকটি পর্যবেক্ষণ করলে তাতে বুকে থাকা স্পন্সর ‘Etihad’ ও বাম পাশের উপরে থাকা ম্যানচেস্টার সিটির লোগো বিকৃত অবস্থায় দেখা যায়। এমন অসংগতি সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় তৈরি বা সম্পাদিত ভিডিওতে দেখা যায়।
পরবর্তীতে অনুসন্ধানে ‘jinlongquiqui’ নামের একটি টিকটক অ্যাকাউন্টে গত ১৫ জুনে একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওতে খাবার খাওয়া ব্যক্তি ব্যতীত পারিপার্শ্বিক অবস্থা, আয়না ও সামগ্রিক আবহের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর প্রায় হুবহু মিল পাওয়া যায়।

উক্ত টিকটক ভিডিওটি আরো দীর্ঘায়িত এবং একই টিকটক অ্যাকাউন্টে একই ব্যক্তির আরো নানা ভিডিও পাওয়া যায়। পাশাপাশি, অনলাইনে আর্লিং হাল্যান্ডের কথিত ভিডিও এর আগেই উক্ত টিকটক ভিডিও পোস্ট হতে দেখা যায়। এ থেকে স্পষ্ট যে ‘jinlongquiqui’ অ্যাকাউন্টের উক্ত টিকটক পোস্টটিই আসল বা মূল ভিডিও।
পরবর্তীতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি এআই প্ল্যাটফর্ম ‘আনডিটেক্টেবল এআই‘ এ বিশ্লেষণ করলে ভিডিওটি এআই দিয়ে তৈরি বলে জানা যায় এবং এক্ষেত্রে এআই তৈরি হওয়ার কনফিডেন্স ৯১ শতাংশ বলা হয়।
অর্থাৎ, ‘jinlongquiqui’ নামের একটি টিকটক অ্যাকাউন্টের ভিন্ন একটি ভিডিও ব্যবহার করে ডিপফেক প্রযুক্তির মাধ্যমে এই ভুয়া ভিডিওটি তৈরি করা হয়েছে।
সুতরাং, খাওয়ার সময় নিজেকে আয়নায় দেখে আর্লিং হাল্যান্ডের আঁতকে ওঠার ভিডিও দাবিতে প্রচারিত ভিডিওটি এআই সম্পাদিত।
তথ্যসূত্র
- jinlongquiqui – Tiktok Post
- Undetectable AI


