হবিগঞ্জের আলোচিত সমন্বয়ক মাহদী হাসান গ্রেফতার হওয়ার দাবিটি মিথ্যা

গত ০৩ জানুয়ারি বানিয়াচং থানা ও এস আই সন্তোষ চৌধুরীকে পুড়িয়ে দেওয়ার ঘটনা সম্পর্কে হবিগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী হাসানের বক্তব্য নিয়ে সমালোচনার মুখে তাকে গ্রেফতার করা হয়। তবে সেই গ্রেফতারের প্রতিবাদে তার সমর্থকদের বিক্ষোভের প্রেক্ষাপটে পরেরদিন ০৪ জানুয়ারি তাকে মুক্তি দেওয়া হয়।

মাহদী হাসান সম্প্রতি আবারও গ্রেফতার হয়েছেন শীর্ষক একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, হবিগঞ্জের আলোচিত সমন্বয়ক মাহদী হাসান আবারও গ্রেফতার হননি বরং, আলোচিত দাবিটি মিথ্যা বলে রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছেন মাহদী হাসান নিজেই।

অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে মাহদী হাসান আবারও গ্রেফতার হওয়া সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য হবিগঞ্জ সদর মডেল থানা এবং মাহদী হাসানের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম।

হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন বলেন, ‘এবিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। আমরাও খোঁজ নিয়েছি।’

মাহদী হাসান একটি ভিডিও বার্তা পাঠিয়ে রিউমর স্ক্যানারকে বলেন, ‘এটি সম্পূর্ণ গুজব। গতরাত থেকেই এটি প্রচার হচ্ছে। আমি বাসায় আছি এবং আপনার সাথে কথা বলছি।’

সুতরাং, হবিগঞ্জের আলোচিত সমন্বয়ক মাহদী হাসান আবারও গ্রেফতার হওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • Oc- Statement 
  • Mahdi Hasan- Statement 
Share: