ঢাকা-৮ আসনে জিতলে হাদি হত্যার বিচার করব শীর্ষক মন্তব্য করেননি সাদিক কায়েম 

গত ১২ ডিসেম্বর দুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন। এরপর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনার পর গত ১৯ ডিসেম্বর থেকে ‘ঢাকা -৮ আসনে আমি পাশ করলে হাদি হ-ত্যার বিচার করব: সাদিক কায়েম’ শিরোনামে ডাকসু ভিপি ও ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক সাদিক কায়েমের ছবিযুক্ত একটি ফটোকার্ড ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

উক্ত দাবিতে থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি টিকটকে প্রচারিত সর্বাধিক ভাইরাল ভিডিওটি প্রায় ১ লক্ষ বার দেখা হয়েছে, এটিতে প্রায় ৫ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং ভিডিওটি প্রায় ৬ শত বার শেয়ার করা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শরীফ ওসমান হাদির হত্যাকান্ডের বিচারের বিষয়ে সাদিক কায়েম এরূপ কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনোপ্রকার নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই সাদিক কায়েমের নামে আলোচিত মন্তব্যটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি, শরীফ ওসমান হাদির হত্যাকান্ডের বিচারের বিষয়ে সাদিক কায়েম এরূপ কোনো মন্তব্য করলে তা গণমাধ্যমে গুরুত্ব সহকারে প্রচার করা হতো। কিন্তু, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রেও আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।

সাদিক কায়েমের ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করেও আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট বা তথ্য পাওয়া যায়নি।

এছাড়া, আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ছবিটির বিষয়ে অনুসন্ধানে একাধিক গণমাধ্যম (, ) সূত্রে জানা যায়, এটি গত ৬ ডিসেম্বর সন্ধ্যায় দিনাজপুরের বীরগঞ্জ উন্নয়ন ফোরাম আয়োজিত ‘ছাত্র-যুব-নাগরিক সমাবেশ-২০২৫ ’অনুষ্ঠানে সাদিক কায়েমের বক্তব্য প্রদানের দৃশ্য। উক্ত বক্তব্যে তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের তরুণরা ক্ষমতা পেয়েছে। বিগত ফ্যাসিবাদী আমলে তরুণদেরকে বিরাজনীতিকরণ করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তরুণরা দেখিয়েছে দেশকে কীভাবে ভালোবাসতে হয়, কীভাবে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে হয় এবং কীভাবে সমাজের মধ্যে বৈষম্য দূর করতে হয়।’ উক্ত বক্তব্যে ‘ঢাকা -৮ আসনে আমি পাশ করলে হাদি হ-ত্যার বিচার করব’ শীর্ষক তার কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, সাদিক কায়েম ‘ঢাকা-৮ আসনে আমি পাশ করলে হাদি হ-ত্যার বিচার করব’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: