ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে ২০২৫ সালের ডিসেম্বর মাসের শেষ দিকে বেশকিছু দিন রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ। একইসঙ্গে দেশব্যাপী বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধও করা হয়৷ এরই প্রেক্ষিতে সেসময় উক্ত কর্মসূচির দৃশ্য দাবিতে একটি ছবি ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি ওসমান হাদি হত্যার বিচার আন্দোলন কর্মসূচির দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, ২০১৩ সালে যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে রাজধানীর শাহবাগে সংঘটিত গণজাগরণ মঞ্চের কর্মসূচির ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে৷
এ বিষয়ে অনুসন্ধানে অনলাইন ছবি ভাণ্ডার Wikimedia Commons সূত্রে জানা যায়, এটি ২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি রাতে যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে রাজধানীর শাহবাগের প্রজন্ম চত্বরে সংঘটিত গণজাগরণ মঞ্চের কর্মসূচির একটি স্থিরচিত্র।

পরবর্তীতে, একাধিক গণমাধ্যমে (১, ২, ৩) প্রকাশিত প্রতিবেদনে সংযুক্ত ছবির ক্যাপশন থেকেও একই তথ্য জানা যায়।
সুতরাং, ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলন কর্মসূচির দৃশ্য দাবিতে ২০১৩ সালে গণজাগরণ মঞ্চের আন্দোলন কর্মসূচির ছবি প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Wikimedia Commons – Shahbag Projonmo Square Uprising Demanding Death Penalty of the War Criminals of 1971 in Bangladesh
- bdnews24 – Candle of hope lit across Bangladesh
- The Business Standard – AL used Ganajagaran Mancha to establish mob culture in Bangladesh: Mahmudur Rahman
- The Daily Star – Revisiting Shahbagh’s spirit


