ভারতের উপহার দেওয়া অ্যাম্বুলেন্সে হাদিকে এভারকেয়ারে নেওয়া হয়নি

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হয়েছেন। ১২ ডিসেম্বর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তাকে গুলি করা হয়। গুলিবিদ্ধ হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে বিশেষ অ্যাম্বুলেন্সে করে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনার প্রেক্ষিতে, ভারতবিরোধী অবস্থান নেওয়া হাদীকে বিগত সরকারের আমলে ভারত থেকে উপহার পাওয়া একটি অ্যাম্বুলেন্স ব্যবহার করতে হয়েছে দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে এবং এখানে।
একই দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে।
ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভারতের উপহার দেওয়া অ্যাম্বুলেন্সে করে ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়ার দাবিটি সত্য নয়। প্রকৃতপক্ষে, হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্সটি ভারতের উপহার দেওয়া নয়। এটি ইতালি থেকে আমদানি করা ভিন্ন অ্যাম্বুলেন্স, যার সঙ্গে ভারতের উপহার দেওয়া অ্যাম্বুলেন্সের পার্থক্য রয়েছে।
এ দাবিতে প্রচারিত পোস্টগুলোর সঙ্গে একটি অ্যাম্বুলেন্সের ভিডিও সংযুক্ত থাকতে দেখা যায়। এই সূত্র ধরে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম সমকালের ফেসবুক পেজে গত ১২ ডিসেম্বর প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। পোস্টের শিরোনাম থেকে জানা যায়, এটি ওসমান হাদিকে ঢামেক থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়ার জন্য ব্যবহৃত অ্যাম্বুলেন্স। অন্যান্য গণমাধ্যমেও (১,২,৩) একই অ্যাম্বুলেন্সের উপস্থিতি লক্ষ্য করা যায়। ভিডিওটি ভালোভাবে পর্যবেক্ষণ করলে অ্যাম্বুলেন্সটির সামনের অংশে ‘IVECO’ লেখা দেখা যায়।
এই সূত্র ধরে অনুসন্ধানে দৈনিক প্রথম আলোতে ২০২১ সালে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়, প্রতিবেদনটিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দুই বছর ধরে অব্যবহৃত পড়ে থাকা একটি আধুনিক আইসিইউ-সুবিধাসম্পন্ন ইভেকো অ্যাম্বুলেন্সের কথা উল্লেখ করা হয়। প্রতিবেদন অনুযায়ী, অ্যাম্বুলেন্সটি ইতালি থেকে আমদানি করা হয় এবং মেসার্স ফেরিটেক প্রাইভেট লিমিটেড সরবরাহ করে। স্বাস্থ্য অধিদপ্তরের সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপো (সিএমএসডি) এটি ক্রয় করে সংশ্লিষ্ট হাসপাতালে সরবরাহ করে।
পরবর্তীতে জানা যায়, ইভেকো (IVECO) একটি বহুজাতিক পরিবহন যানবাহন উৎপাদনকারী প্রতিষ্ঠান, যার সদর দপ্তর ইতালির তুরিন শহরে অবস্থিত।
অন্যদিকে, ২০২১ সালের ২৩ মার্চ বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারত সরকার বাংলাদেশকে ১০৯টি অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দেয়। পোস্ট অনুযায়ী, উপহারের প্রথম অ্যাম্বুলেন্সটি সে বছরের ২১ মার্চ সন্ধ্যায় বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে এবং পরবর্তী সময়ে পর্যায়ক্রমে বাকি অ্যাম্বুলেন্সগুলো দেশে পৌঁছানোর কথা ছিল।
এছাড়া, ২০২১ সালের ১২ সেপ্টেম্বর সময় টিভি ও বাংলা ট্রিবিউনের পৃথক প্রতিবেদনে জানানো হয়, ওই দিন ভারত সরকারের উপহার হিসেবে চতুর্থ চালানের আরও ২৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল স্থলবন্দরে পৌঁছায়। এতে চারটি চালানে ভারত থেকে মোট ১০০টি অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসে।
গণমাধ্যমের প্রতিবেদন ও আওয়ামী লীগের ফেসবুক পোস্টে ব্যবহৃত ভারতের উপহার দেওয়া অ্যাম্বুলেন্সের সঙ্গে ওসমান হাদিকে বহন করা ইভেকো অ্যাম্বুলেন্সের তুলনা করলে নকশা ও বৈশিষ্ট্যে পার্থক্য দেখা যায়।

সুতরাং, ভারতের উপহার দেওয়া অ্যাম্বুলেন্স ব্যবহার করে ওসমান হাদিকে ঢামেক থেকে এভারকেয়ারে নেওয়া হয়েছে শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Prothom Alo: Fully equipped ambulance worth Tk 15m lies idle at RMCH
- Bangladesh Awami League: Facebook Post
- Samakal: আইসিইউ অ্যাম্বুলেন্সে এভারকেয়ারে নেওয়া হচ্ছে ওসমান হাদিকে

