ওসমান হাদির গুলিবিদ্ধ বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে বাংলাভিশনের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার 

গত ১২ ডিসেম্বর ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হয়েছেন। রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় একটি চলন্ত মোটরসাইকেল থেকে তাকে গুলি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার প্রেক্ষিতে ‘গুলিবিদ্ধ ওসমান হাদী সন্ধ্যের তীর জামাতের দিকে’ শিরোনামে ইলেকট্রনিক গণমাধ্যম বাংলাভিশন এর লোগো ও ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷

উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে বাংলাভিশন এরূপ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রচার করেনি। প্রকৃতপক্ষে, বাংলাভিশনের ভিন্ন একটি ফটোকার্ডকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে বাংলাভিশনের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ‘১২ ডিসেম্বর ২০২৫’ উল্লেখ করা হয়েছে।

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে বাংলাভিশনের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, বাংলাভিশনের ওয়েবসাইটইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, বাংলাভিশনের ফেসবুক পেজে গত ১২ ডিসেম্বর প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায় যেটির সাথে আলোচিত ফটোকার্ডটির আংশিক সাদৃশ্য রয়েছে।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে প্রচারিত ফটোকার্ডের তারিখ ও বাংলাভিশনের লোগোর মিল রয়েছে, তবে উভয়ের শিরোনামে ভিন্নতা রয়েছে। মূলত, এই ফটোকার্ডটির ‘গুলিবিদ্ধ ওসমান হাদি’ শীর্ষক শিরোনামের নিচে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ‘সন্ধ্যের তীর জামাতের দিকে’ সূচক বাক্যটি যুক্ত করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

তাছাড়া, বাংলাভিশনের ফেসবুক পেজে গত ১৩ ডিসেম্বর প্রকাশিত একটি পোস্টে আলোচিত ফটোকার্ডের ছবি যুক্ত করে উল্লেখ করা হয় যে বাংলাভিশনের নামে ছড়ানো উক্ত ফটোকার্ডটি ভুয়া।

বাংলাভিশন ব্যতীত অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবিকে সমর্থন করে এমন কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি৷

সুতরাং, ‘গুলিবিদ্ধ ওসমান হাদী সন্ধ্যের তীর জামাতের দিকে’ শিরোনামে বাংলাভিশনের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: