হাদির ওপর হামলা ইস্যুতে ছাত্রলীগ ও জামায়াত-শিবিরকে জড়িয়ে আমার দেশের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

গত ১২ ডিসেম্বর ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হয়েছেন। রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় একটি চলন্ত মোটরসাইকেল থেকে তাকে গুলি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। এই ঘটনার পটভূমিতে, শরিফ ওসমান হাদি তার যে মন্তব্যের কারণে বাংলাদেশ ছাত্রলীগের টার্গেটে পরিণত হয়েছেন দাবিতে ‘ছাত্রলীগ করা সন্ত্রাসীরা জুলাই পরবর্তী শিবিরের নেতা হয়েছেন, জামাতকে এরা শেষ করবে’ শিরোনামে গণমাধ্যম আমার দেশ এর লোগো ও ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়া ইস্যুতে বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে আমার দেশ এরূপ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রচার করেনি এবং হাদিও এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, আমার দেশের প্রচলিত ফটোকার্ডের আদলে ডিজিটাল প্রযুক্তির সহায়তা আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে আমার দেশের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ‘১৩ ডিসেম্বর ২০২৫’ উল্লেখ করা হয়েছে।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে আমার দেশের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, আমার দেশের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, আমার দেশের প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামের ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়।

এছাড়া, শরিফ ওসমান হাদির ফেসবুক পেজ যাচাই করে আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।
আমার দেশ ব্যতীত অন্য কোনো গণমাধ্যমেও কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে উক্ত দাবিকে সমর্থন করে এমন কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি৷
সুতরাং, শরিফ ওসমান হাদির মন্তব্য দাবিতে ‘ছাত্রলীগ করা সন্ত্রাসীরা জুলাই পরবর্তী শিবিরের নেতা হয়েছেন, জামাতকে এরা শেষ করবে’ শিরোনামে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Daily Amar Desh: Facebook Page
- Daily Amar Desh: Website
- Daily Amar Desh: YouTube
- Osman Hadi – ওসমান হাদি: Facebook Page

