গত ১২ ডিসেম্বর দুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন। এরপর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনার পর ‘হাদীর খুনির বিচারের দাবিতে ওসমান হাদীর বোনের ভুমিকম্পের মতো বক্তব্য শুনে কাপছে বিএনপি ও সরকার’ শিরোনামে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করে দাবি করা হচ্ছে, বক্তব্য প্রদানকারী নারী হাদির বোন।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওতে বক্তব্য প্রদানকারী নারী শরিফ ওসমান হাদির বোন নন। প্রকৃতপক্ষে, ওই নারী জুলাই যোদ্ধা জান্নাতুল নাঈম প্রমি। গত ১৯ ডিসেম্বর প্রেসক্লাবে সম্মিলিত নারী প্রয়াস নামে একটি সংগঠনের মানববন্ধনে হাদিকে নিয়ে তার বক্তব্য দেওয়ার ফুটেজের সাথে আলোচিত শিরোনাম জুড়ে দিয়ে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে Islamic Tv Dhaka নামক ফেসবুক পেজে গত ১৯ ডিসেম্বর প্রকাশিত একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির একটি অংশের সাথে আলোচিত ভিডিও ফুটেজটির সাদৃশ্য রয়েছে।

উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে একই নারীকে বক্তব্য দিতে দেখা যায়। ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, এটি সেদিন শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে সম্মিলিত নারী প্রয়াস নামক একটি সংগঠনের আয়োজনে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের ভিডিও। ভিডিওতে উক্ত নারীর বক্তব্যের আগে তাকে পরিচয় দেওয়া হয়, জুলাই যোদ্ধা জান্নাতুল নাঈম প্রমি হিসেবে।
পরবর্তীতে, Md টাউহিদ নামক ফেসবুক প্রোফাইলে প্রকাশিত উল্লিখিত মানববন্ধনের ভিডিও থেকেও একই তথ্য জানা যায়।
গণমাধ্যম সূত্রে জানা যায়, শরিফ ওসমান হাদির জন্ম ঝালকাঠির নলছিটি উপজেলার খাসমহল এলাকায়। ওসমান হাদির ২ ভাই ও ৩ বোন আছে। একাধিক গণমাধ্যম সূত্রে (১, ২) তার একজন বোনের নাম মাসুমা বলে জানা যায়। ওসমান হাদির বোনদের নামের বিষয়ে জানতে দৈনিক কালবেলার ঝিনাইদহ জেলা প্রতিনিধি আরিফ সর্দারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, হাদির বড় বোনের নাম মাহবুবা বেগম, মেঝো বোন মারুফা ইসলাম ও ছোট বোন মাসুমা আক্তার।
অর্থাৎ, জান্নাতুল নাঈম প্রমি নামে শরিফ ওসমান হাদির কোনো বোন নেই।
গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে হাদিকে হত্যার প্রতিবাদে সম্মিলিত নারী প্রয়াস আয়োজিত উক্ত মানববন্ধনে হাদির কোনো বোনের উপস্থিত থাকার কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, ভিন্ন নারীর বক্তব্যের ভিডিওকে শরিফ ওসমান হাদির বোনের বক্তব্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Islamic Tv Dhaka – Facebook Post
- Md Tauhid – Facebook Post
- Channel 24 – হাদি হত্যার বিচার নিয়ে কোনো টালবাহানা সহ্য করা হবে না: সম্মিলিত নারী প্রয়াস
- জনকণ্ঠ – শহীদ ওসমান হাদির ৫ ভাই-বোনের কে কী করেন
- Daily Amar Desh – হাদির অসমাপ্ত ল’ড়া’ই চালিয়ে যাবেন বোন মাসুমা
- কালবেলা – ভারত ও আ.লীগকে নিয়ে যা বললেন হাদির বোন মাসুমা


