হজের দায়িত্ব শেষে নিরাপত্তাকর্মীদের মাটিতে শুয়ে পড়ার সাম্প্রতিক দৃশ্য দাবিতে পুরোনো ছবি প্রচার

সম্প্রতি কতিপয় গণমাধ্যমে একটি ছবি প্রচার করে দাবি করা হয়েছে, ছবিটি সাম্প্রতিক সময়ে হজের দায়িত্ব শেষে নিরাপত্তাকর্মীদের মাটিতে শুয়ে পড়ার দৃশ্যের।

এরূপ দাবিতে গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন: সময় টিভি, মোহনা টিভি, দ্য ডেইলি ক্যাম্পাস, বিডি টুডে, বিডি২৪ রিপোর্ট, বার্তা টাইমস, তালাশ বিডি।
এরূপ দাবিতে গণমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে।
এরূপ দাবিতে গণমাধ্যমের এক্স অ্যাকাউন্টে পোস্ট দেখুন এখানে।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
এরূপ দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি সাম্প্রতিক সময়ে হজের দায়িত্ব শেষে নিরাপত্তাকর্মীদের মাটিতে শুয়ে পড়ার দৃশ্যের নয়। প্রকৃতপক্ষে অন্তত ৯ বছর পুরোনো ছবি আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত ছবির বিষয়ে অনুসন্ধানে সৌদি আরব ভিত্তিক সংবাদমাধ্যম ‘আখবার২৪’ এর ওয়েবসাইটে ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বরে প্রকাশিত এক প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে কয়েকটি ছবি ও একটি ভিডিওর সংযুক্তি পাওয়া যায়, যার একটি ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির মিল পাওয়া যায়।

ছবির বিষয়ে প্রতিবেদনে বলা হয়, ‘পবিত্র স্থানগুলোতে দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভিস্টরা ছড়িয়ে দিয়েছেন, যেখানে এই বছরের (১৪৩৭ হিজরি) হজ মৌসুমে আল্লাহর প্রাচীন ঘরের (কাবা শরীফ) হাজীদের সেবা করার ক্লান্তি শেষে তাদের মাটিতে শুয়ে বিশ্রাম নিতে দেখা যাচ্ছে।’ (স্বয়ংক্রিয়ভাবে অনূদিত)
এছাড়াও, অনুসন্ধানে ২০১৬ সালে নানা ফেসবুক অ্যাকাউন্ট/পেজ থেকেও আলোচিত ছবি প্রচার হতে দেখা যায়। তাছাড়া, হংকং এর মুসলিম সমাজ নিয়ে কাজ করা ‘মুসলিম কাউন্সিল অফ হংকং’ এর ওয়েবসাইটেও ২০১৮ সালে আলোচিত ছবি প্রচার হতে দেখা যায়।
উপরোক্ত তথ্যপ্রমাণ বিশ্লেষণ করলে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ছবি সাম্প্রতিক সময়ের হজের ঘটনার নয়।
সুতরাং, সাম্প্রতিক সময়ে হজের দায়িত্ব শেষে নিরাপত্তাকর্মীদের মাটিতে শুয়ে পড়ার দৃশ্য দাবিতে অন্তত ৯ বছর পুরোনো ছবি প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Akhbaar24 – بالفيديو والصور.. رجال الأمن المشاركين في الحج يفترشون الأرض بعدما أرهقهم التعب
- الأردنيون في الكويت Jordanians in Kuwait – Facebook Post
- Muslim Council of Hong Kong – These heartwarming pictures of the security forces during hajj will guarantee make you smile

