মাদারীপুরে গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যাওয়া লাশটি মুসলিম ব্যক্তির, হিন্দু নয় 

মাদারীপুরে একজন হিন্দু ব্যক্তির ঝুলন্ত লাশ পাওয়া গেছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ভিডিওতে একটি গাছের সাথে একজন ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।

উক্ত দাবিতে এক্সে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মাদারীপুরে ঝুলন্ত লাশের ভিডিওটি কোনো হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তির নয় বরং উক্ত ভিডিওতে যাকে ঝুলন্ত অবস্থায় দেখা যাচ্ছে তিনি একজন মুসলিম ধর্মাবলম্বী।

অনুসন্ধানে মোঃ সবুজ খান নামক ফেসবুক অ্যাকাউন্টে গত ২৮ ডিসেম্বর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর সাদৃশ্য পাওয়া যায়।

উক্ত ভিডিও পোস্টের বিবরণীতে বলা হয়, মৃত ব্যক্তির নাম মিজান সরদার (৫০)। তিনি মাদারীপুর সদর উপজেলার ঝাউদী ইউনিয়নের বনিকপাড়া গ্রামের মৃত আবু আলী সরদারের ছেলে।

এই পোস্ট থেকে প্রাপ্ত সূত্র ধরে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে জাতীয় দৈনিক অবজারভার এর ওয়েবসাইটে গত ২৮ ডিসেম্বর “আমগাছে ঝুলেছিল শিকলে বাঁধা কৃষকের লাশ”শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটি থেকে জানা যায়, গত ২৮ ডিসেম্বর মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের পূর্ব চিড়াইপাড়া গ্রামে আমগাছের সঙ্গে শিকলে বাঁধা অবস্থায় মিজান সরদার (৫২) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মিজান সরদার সদর উপজেলার ঝাউদী ইউনিয়নের বণিকপাড়া গ্রামের মৃত আবু আলী সরদারের ছেলে।

স্বজন ও এলাকাবাসীর বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, শুক্রবার রাত ১০টার দিকে মিজান সরদার বাড়ি থেকে বের হয়ে টুবিয়া বাজারসংলগ্ন সোলাইমান মাতুব্বরের বাড়িতে ওয়াজ মাহফিলে যান। ওয়াজ শেষে রাতে বাড়ি ফেরেননি। শনিবার দুপুর ১২টার দিকে এক শিশু আলমগীর মাতুব্বরের মাছের ঘেরের কাছ দিয়ে যাওয়ার সময় আমগাছের সঙ্গে শিকল বাঁধা অবস্থায় লাশ দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এসে থানায় খবর দেন। পুলিশ এসে লাশটি গাছ থেকে নামিয়ে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে নিয়ে যায়।

এছাড়া, একই বিষয়ে দৈনিক আমার সংবাদ এ প্রকাশিত প্রতিবেদনের ফিচারে সংযুক্ত আলোচিত নিহত ব্যক্তির একটি ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর নিহত ব্যক্তির ছবির মিল পাওয়া যায়।

অর্থাৎ, উপরোক্ত তথ্য প্রমাণ থেকে এটা নিশ্চিত যে, ঝুলন্ত লাশের ভিডিওটি একজন মুসলিম ব্যক্তির।

সুতরাং, মাদারীপুরে মুসলিম ব্যক্তির ঝুলন্ত লাশের ভিডিও হিন্দু ব্যক্তি দাবিত্র প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: