বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার মুস্তাফিজুর রহমান চলমান ‘পাকিস্তান সুপার লীগ’ (পিএসএল) এর ২০২৬ আসরে লাহোর কালান্দার্স দলের হয়ে খেলেছেন। এরই প্রেক্ষিতে সম্প্রতি অনলাইনে দাবি প্রচার করা হয়েছে, পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির বলেছেন, “আমি ক্রিকেট তেমন বুঝি না। কিন্তু ফিজের বোলিং দেখে, ওর প্রেমে পড়ে গেছি। বোলিংয়ের মতো ওর হাসিও খুব সুন্দর।”
এরূপ পোস্ট প্রচার করে ক্যাপশনে দাবি করা হয়েছে, ‘পিএসএল খেলতে গিয়ে, হানিয়া আমিরের মন জয় করে ফেলেছেন মুস্তাফিজুর রহমান। লাহোর কালান্দার্সের জার্সিতে টাইগার পেসারের দুর্দান্ত বোলিংয়ে, মুগ্ধতার কথা জানালেন পাকিস্তান অভিনেত্রী। শুধু বোলিংই নয়, ফিজের হাসিও খুব মন ধরেছে হানিয়ার। তাই তো প্রশংসা করতে ভুললেন না। কোটি তরুণ যার প্রেমে পড়ে হাবুডুবু খায়, সেই লাস্যময়ী হানিয়া এখন বিশ্বসেরা পেসারের প্রেমে পড়েছেন।’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “ফিজের বোলিং দেখে ওর প্রেমে পড়ে গেছি” শীর্ষক আলোচিত মন্তব্য করেননি হানিয়া আমির। প্রকৃতপক্ষে, কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই হানিয়া আমিরের নামে ভুয়া এই মন্তব্যটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে দেশিয় বা পাকিস্তানি মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
এছাড়াও, হানিয়া আমিরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করলে তাতেও আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, হানিয়া আমির এরূপ কোনো মন্তব্য করে থাকলে তা উপরোক্ত অন্তত কোনো এক সূত্রে পাওয়া যেত।
সুতরাং, “ফিজের বোলিং দেখে ওর প্রেমে পড়ে গেছি” শীর্ষক আলোচিত মন্তব্য হানিয়া আমির করেছেন বলে প্রচারিত দাবি মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s Analysis
- Hania Amir – Instagram Account


