‘শেখ হাসিনা বাংলাদেশ গড়ার আর্টিস্ট’ বলে মন্তব্য করেননি হানিফ সংকেত 

টেলিভিশন ব্যক্তিত্ব ও নির্মাতা হানিফ সংকেতকে উদ্ধৃত করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রচারিত দাবিতে বলা হচ্ছে, হানিফ সংকেত বলেছেন, “শেখ হাসিনা ফ্যাসিস্ট নয়, শেখ হাসিনা হলো বাংলাদেশ গড়ার আর্টিস্ট।”

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে

একই দাবিতে অন্যান্য প্ল্যাটফর্মে প্রচারিত পোস্ট দেখুন: টিকটক, ইন্সটাগ্রাম, থ্রেডস

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, শেখ হাসিনাকে ঘিরে আলোচিত এই মন্তব্য হানিফ সংকেত করেননি। প্রকৃতপক্ষে, কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই ভুয়া এই মন্তব্যটি তার নামে প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত অন্য কোনো সূত্রে হানিফ সংকেতের এমন মন্তব্যের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

আরও অনুসন্ধানে দেখা যায়, অন্তত ২২ মার্চ থেকে শেখ হাসিনাকে ঘিরে একই ধরনের একটি বক্তব্য ফেসবুকে বেনামিভাবে প্রচার হতে থাকে। সে সময় পোস্টগুলোতে হানিফ সংকেত বা অন্য কারো নাম উল্লেখ ছিল না।

পরবর্তীতে, অন্তত ২৪ মার্চ থেকে ওই মন্তব্যের সঙ্গে হানিফ সংকেতের নাম যুক্ত করে তা ছড়িয়ে দেওয়া হয়। তবে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ ধরনের কোনো মন্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি।

বরং, ২৬ মার্চ দেওয়া এক ফেসবুক পোস্টে হানিফ সংকেত জানান, তার উপস্থাপনা শৈলী অনুকরণ করে কিছু ভুয়া ফটোকার্ড সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে, যেগুলোর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি আরও বলেন, দীর্ঘ চার দশক ধরে তিনি রাজনৈতিক সংশ্লিষ্টতা ছাড়াই নিরপেক্ষতা বজায় রেখে কাজ করে আসছেন এবং তার প্রকৃত বক্তব্য শুধুমাত্র নিজস্ব ভেরিফায়েড প্ল্যাটফর্ম ও স্বীকৃত গণমাধ্যমে প্রকাশিত হয়। একই সঙ্গে তিনি অচেনা ও অযাচাইকৃত উৎস থেকে প্রচারিত তথ্য যাচাই ছাড়া বিশ্বাস বা শেয়ার না করার আহ্বান জানান।

সুতরাং, “শেখ হাসিনা ফ্যাসিস্ট নয়, শেখ হাসিনা হলো বাংলাদেশ গড়ার আর্টিস্ট” শীর্ষক মন্তব্যটি হানিফ সংকেত এ মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: