‘প্রকৃত মুসলমান চিকিৎসার জন্য ভারত যেতে পারে না’ শীর্ষক মন্তব্য করেননি হানজালা

সম্প্রতি, মাদারীপুর–১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা ‘দরকার হলে বিনাচিকিৎসায় মারা যাবেন তবু একজন প্রকৃত মুসলমান চিকিৎসার জন্য ভারত যেতে পারে না’ মন্তব্য করেছেন বলে দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত মন্তব্যটি হানজালা করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া দাবিকে আসল খবর হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে, আলোচিত দাবির পক্ষে মূলধারার কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে তথ্য বা সংবাদ পাওয়া যায়নি। এছাড়া, তার সাম্প্রতিক কোনো বক্তব্য বা সাক্ষাৎকারেও আলোচিত মন্তব্য করার কোনো প্রমাণ মেলেনি।

পরবর্তী অনুসন্ধানে দেখা যায়, “Gupto Television” নামের একটি সার্কাজমধর্মী ফেসবুক পেজ থেকে দাবিটির সূত্রপাত। পেজটি গত ১ জুলাই একটি ফটোকার্ড আকারে দাবিটি প্রচার করে, যা পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এর বায়োতে উল্লেখ রয়েছে, “This is Gupto TV | একটি Satire & Parody platform. All contents are for entertainment purpose only | আমাদের কনটেন্ট হাস্যরস, ব্যঙ্গ ও প্যারোডির মাধ্যমে উপস্থাপিত হয়, যার উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন।”

উল্লেখ্য, বাশকান্দি ইউনিয়নের এক মতবিনিময় সভায় ভারতকে জড়িয়ে হানজালাকে মন্তব্য করতে লক্ষ্য করা যায়। বক্তব্যে তিনি বলেন ‘নেশার মাধ্যমে যুবকদের ধ্বংস করা ভারতের একটা চাল’।

সুতরাং, সাইদ উদ্দিন আহমাদ হানজালাকে উদ্ধৃত করে মুসলিমরা ভারতে চিকিৎসা নিতে পারেনা শীর্ষক প্রচারিত মন্তব্যটি মিথ্যা ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: