শেখ হাসিনা দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়েছেন দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার 

সম্প্রতি, ‘জামায়াতের পক্ষে ভোট চাইলেন শেখ হাসিনা শেখ হাসিনার সালাম নিন দাড়িপাল্লায় ভোট দিন’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ৮২ হাজার বার দেখা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ের শেখ হাসিনা জনসম্মুখে কোনো জনসভায় অংশ নেননি এবং দাঁড়িপাল্লার পক্ষে ভোটও চাননি। প্রকৃতপক্ষে, ২০২৩ সালে চট্টগ্রামে শেখ হাসিনার জনসভার পুরোনো ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে যমুনা টিভির ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১১ নভেম্বর ‘মাতারবাড়ির জনসভা থেকে নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী |’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে। তবে উক্ত ভিডির কোথাও শেখ হাসিনাকে দাঁড়িপাল্লা সম্পর্কে কোনো মন্তব্য করতে দেখা যায়নি।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ওয়েবসাইটে ২০২৩ সালের ১১ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন চট্টগ্রামের মহেশখালীর মাতারবাড়িতে এক মহাসমাবেশে দেওয়া ভাষণে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আগামীতে নির্বাচন, সেই নির্বাচনেও আমি চাইব নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও আপনাদের সেবা করার ও যেসব কাজ অসমপ্ত রয়েছে সেগুলো শেষ করার সুযোগ দেবেন। আপনারা কি নৌকা মার্কায় ভোট দেবেন?”

সুতরাং, ২০২৩ সালে চট্টগ্রামে শেখ হাসিনার জনসভার পুরোনো ভিডিওকে সাম্প্রতিক সময়ের শেখ হাসিনা দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়েছেন দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: