মায়ের মৃত্যুতে তারেক রহমানকে ফোন করে শেখ হাসিনার শোক জানানোর দাবিটি ভুয়া 

চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ ডিসেম্বর (২০২৫) ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরই প্রেক্ষিতে সেদিন দুপুর ১ টা ৪৮ মিনিটে গুলশানে তারেক রহমানের বাসায় টেলিফোন করে শোক জানিয়েছেন শেখ হাসিনা – এমন দাবিতে কিছু পোস্ট প্রচার হতে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এ সংক্রান্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে

একই দাবির পোস্ট দেখুন ইনস্টাগ্রাম, টিকটকে

ফ্যাক্টচেক                                                                                   

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, খালেদা জিয়ার মৃত্যুতে ছেলে তারেক রহমানকে ফোন করে শেখ হাসিনার শোক জানানোর দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ভুয়া এই দাবিটির পক্ষে যে তথ্যগুলো উপস্থাপন করা হয়েছে তার কোনো ভিত্তি পাওয়া যায়নি।

দাবিটির সূত্রপাত অনুসন্ধানে ফেসবুকে ৩০ ডিসেম্বর দুপুর তিনটায় ‘ফয়সাল মুহাম্মদ উরহান’ নামের একটি অ্যাকাউন্ট থেকে এ সংক্রান্ত সম্ভাব্য প্রথম পোস্টটি নজরে আসে রিউমর স্ক্যানারের।

পোস্টে বা পোস্টের কমেন্টে দাবিটির পক্ষে কোনো তথ্যপ্রমাণ দেওয়া হয়নি।

অনুসন্ধানে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজে সেদিন সকাল সাড়ে ১০ টার কিছু পরে খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে শেখ হাসিনার বার্তার খবর দিয়ে একটি পোস্ট করা হয়। শেখ হাসিনা যদি এ বিষয়ে তারেক রহমানকে ফোন করতেন সেটিও একইভাবে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রচার করা স্বাভাবিক ছিল। তবে আওয়ামী লীগের অফিশিয়াল প্লাটফর্মগুলোতে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। দাবিটির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বিএনপি বা তারেক রহমানের অফিশিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টগুলোতেও।

দাবিকৃত পোস্টগুলোতে যে সময়ে (দুপুর ১ টা ৪৮ মিনিট) শেখ হাসিনার ফোন করার কথা বলা হচ্ছে, সে সময় তারেক রহমান গুলশানের বাসায় ছিলেন না। রিউমর স্ক্যানার যাচাই করে দেখেছে, সেদিন গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার মৃত্যুতে করণীয় ঠিক করতে বৈঠক হয়৷ তাতে উপস্থিত ছিলেন তারেক রহমান। দুপুর ১২টা ৩৮ মিনিটে এ বৈঠক শুরু হয়। দুপুর তিনটায়ও তিনি কার্যালয়ে উপস্থিত ছিলেন বলে প্রমাণ মেলে এখন টিভির একটি লাইভ ফুটেজ সূত্রে।

অর্থাৎ, দাবিটির পক্ষে যে তথ্যগুলো উপস্থাপন করা হয়েছে তারও ভিত্তি নেই৷

এ বিষয়ে জানতে বিএনপির মিডিয়া সেলের সিনিয়র সদস্য শায়রুল কবির খানের সাথে যোগাযোগ করলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, এমন কিছু ঘটার তথ্য পাননি তিনি।

সুতরাং, খালেদা জিয়ার মৃত্যুতে ছেলে তারেক রহমানকে ফোন করে শেখ হাসিনার শোক জানানোর দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র 

Share: