শেখ হাসিনাকে ফেরত না দেওয়ায় ইউনূস সরকারের যুদ্ধ ঘোষণা দাবিতে কালের কণ্ঠকে জড়িয়ে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি “শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়নি ভারত। তাই মাইকিং করে ভারতের বিপক্ষে যুদ্ধ ঘোষণা দিল ইউনূস সরকার” শীর্ষক শিরোনামে মূলধারার সংবাদমাধ্যম কালের কণ্ঠের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়নি ভারত। তাই মাইকিং করে ভারতের বিপক্ষে যুদ্ধ ঘোষণা দিল ইউনূস সরকার” শীর্ষক তথ্যে বা শিরোনামে কালের কণ্ঠ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় গণমাধ্যমটির ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনার মাধ্যমে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে কালের কণ্ঠের লোগো এবং ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ১৭ নভেম্বর উল্লেখ রয়েছে। এর সূত্র ধরে কালের কণ্ঠের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও কালের কণ্ঠের ওয়েবসাইট বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, গত ১৭ নভেম্বর কালের কণ্ঠের ফেসবুক পেজে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তবে এই ফটোকার্ডটিতে ‘শেখ হাসিনার সন্ধানে হারানো বিজ্ঞপ্তির মাইকিং’ শীর্ষক বাক্য রয়েছে, যা আলোচিত ফটোকার্ডে পরিবর্তন করে ‘শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়নি ভারত। তাই মাইকিং করে ভারতের বিপক্ষে যুদ্ধ ঘোষণা দিল ইউনূস সরকার’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, কালের কণ্ঠের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত পোস্টটির কমেন্টে পাওয়া এ সংক্রান্ত সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, শেখ হাসিনার সন্ধানে ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় মাইকিং করতে শোনা যায়। এ সময় মাইকে বলতে শোনা যায়, ‘একটি হারানো বিজ্ঞপ্তি। একটি হারানো বিজ্ঞপ্তি। আমাদের হাসিনা খালা (শেখ হাসিনা) গত ৫ আগস্ট সপরিবারে হারিয়ে গেছেন। যদি কোনো সৎ-হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান, তবে তাকে হাইকোর্টের ফাঁসির মঞ্চে পৌঁছে দেবেন। একটি হারানো বিজ্ঞপ্তি। একটি হারানো বিজ্ঞপ্তি…।’
এই প্রতিবেদন এবং অন্যান্য গণমাধ্যম সূত্রে আলোচিত দাবিটির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, “শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়নি ভারত। তাই মাইকিং করে ভারতের বিপক্ষে যুদ্ধ ঘোষণা দিল ইউনূস সরকার” শীর্ষক দাবিতে কালের কণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Kaler Kantho : Facebook Post

