সম্প্রতি, “শেখ হাসিনা ও শেখ রেহেনা বাংলাদেশ আবার ফিরে আসেন” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ১১ হাজারবার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার বাংলাদেশে ফিরে আসার ঘটনার সঙ্গে সম্পর্কিত নয়। প্রকৃতপক্ষে, ২০২৩ সালে নির্বাচনী প্রচারণায় মাদারীপুরের কালকিনীতে যাওয়ার ঘটনার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আরটিভির ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ৩০ ডিসেম্বর ‘বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রীর সাথে আছেন: শাজাহান খান’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর ১১ সেকেন্ড অংশ থেকে ৩০ সেকেন্ড অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে প্রথম আলোর ওয়েবসাইটে ২০২৩ সালের ৩০ ডিসেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন নির্বাচনী জনসভায় যোগ দিতে তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে সড়কপথে মাদারীপুরের কালকিনিতে সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে জনসভায় যোগ দেন। এ সময় শেখ হাসিনার বোন শেখ রেহানাও ছিলেন।
সেসময় এবিষয়ে অন্যান্য গণমাধ্যমেও সংবাদ (১, ২, ৩) প্রকাশ করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এখন সেখানেই অবস্থান করছেন তিনি।
সুতরাং, ২০২৩ সালে নির্বাচনী প্রচারণায় মাদারীপুরের কালকিনীতে যাওয়ার ঘটনার ভিডিওকে সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা ও শেখ রেহেনার দেশে ফিরে আসা সংক্রান্ত ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।


