সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন দাবিতে সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবির টিকটক ভিডিও দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনা দেশে ফিরেছেন দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। বরং, ২০১৯ সালে চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ৭৭তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স সমাপনী উপলক্ষে আয়োজিত ‘রাষ্ট্রপতি কুচকাওয়াজ-২০১৯’ অনুষ্ঠানে শেখ হাসিনার উপস্থিত হওয়ার দৃশ্যকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ইউটিউবে Sevendaysbangla নামের একটি চ্যানেলে ২০১৯ সালের ২৯ ডিসেম্বর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে।

ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, সেনা প্যারেডে যোগ দিলেন শেখ হাসিনা। ভিডিওটি সে সময়ের।
জাতীয় দৈনিক প্রথম আলোর সে সময়ের এক প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ৭৭তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স সমাপনী উপলক্ষে আয়োজিত ‘রাষ্ট্রপতি কুচকাওয়াজ-২০১৯’ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে শেখ হাসিনা বিএমএ প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে তৎকালীন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ তাকে অভ্যর্থনা জানান।
অর্থাৎ, ভিডিওটি প্রায় ছয় বছরের পুরোনো।
তাছাড়া, শেখ হাসিনা ২০২৪ সালের ০৫ আগস্টের পর থেকে ভারতে আত্মগোপনে রয়েছেন। এরপর থেকে তার কোনো ছবি বা ভিডিও জনসম্মুখে প্রকাশিত হয়নি। এমন কোনো ঘটনা ঘটলে স্বাভাবিকভাবেই দেশীয় এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তা নিয়ে খবর প্রচার হতো। তবে এক্ষেত্রে দেশীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম কিংবা বিশ্বস্ত কোনো সূত্রেও আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্যের সন্ধান পাওয়া যায়নি।
সুতরাং, ২০১৯ সালের চট্টগ্রামের ভিন্ন ঘটনার ভিডিওকে সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার দেশে ফেরার দৃশ্য দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Sevendaysbangla: Youtube Video
- Prothom Alo: সেনাবাহিনীকে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করে গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী


