কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির মুক্তির বিষয়ে হাসনাত আবদুল্লাহ কোনো মন্তব্য করেননি

সম্প্রতি, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর ছবিসহ তার বক্তব্য দাবিতে ‘আফ্রিদি তেলবাজ ছিলো, খুনতো করে নাই। ওর থেকেও বড় বড় অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে ধরে আইনের আওতায় আনা উচিত। আফ্রিদি যথেষ্ট শাস্তি পেয়েছে। মানবিক দৃষ্টিকোণ থেকে ওর মুক্তি চাই।’ শিরোনামে একটি ফটোকার্ড ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি টিকটকে প্রচারিত সর্বাধিক ভাইরাল ভিডিওটি প্রায় ১ লক্ষ ১৬ হাজার বার দেখা হয়েছে এবং এটিতে প্রায় ৩ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির মুক্তির বিষয়ে হাসনাত আবদুল্লাহ এরূপ কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনোপ্রকার তথ্যপ্রমাণ ছাড়াই উক্ত দাবিটি প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি।
তৌহিদ আফ্রিদির মুক্তির বিষয়ে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ কোনো মন্তব্য করলে তা নিয়ে আলোচনা-সমালোচনা হতো এবং গণমাধ্যমেও গুরুত্ব সহকারে সংবাদ প্রচারিত হতো। কিন্তু গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে উক্ত দাবিকে সমর্থন করে এমন কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি৷
হাসনাত আবদুল্লাহ এমন কোনো মন্তব্য করেছেন কিনা তা জানতে তার ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করে আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট বা তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যার অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া হত্যা মামলার আসামি হিসেবে ২০২৫ সালের ২৪ আগস্ট বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে সিআইডি।
সুতরাং, হাসনাত আবদুল্লাহ ‘আফ্রিদি যথেষ্ট শাস্তি পেয়েছে। মানবিক দৃষ্টিকোণ থেকে ওর মুক্তি চাই।’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।
তথ্যসূত্র
- Hasnat Abdullah – Facebook Profile

