রিজওয়ানা হাসানের সাম্প্রতিক সাক্ষাৎকার নিয়ে কোনো মন্তব্য করেননি হাসনাত আবদুল্লাহ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের একটি মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে। সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশনের অনলাইনে প্ল্যাটফর্মে দেওয়া সাক্ষাৎকারে বর্তমান বিরোধী দলকে (জামায়াতে ইসলামী) নিয়ে উপস্থাপকের প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় নারীবিদ্বেষী ধর্মীয় উগ্রবাদী শক্তিকে মূলধারায় (মেইনস্ট্রিম) আসতে দেওয়া হয়নি। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়েছে, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, “এক মাস না যেতেই ইলেকশন ইঞ্জি/নিয়ারিং প্রমান পাওয়া গেলো, সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান নিজেই স্বীকার করলেন। জামায়াতের দাবি সঠিক ছিলো এত তারাতাড়ি জাতি জানতে পারবে এটা কখনো আমরা বুজতে পারিনি ভাবছিলাম আরও কিছুদিন সময় লাগবে।”

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সৈয়দা রিজওয়ানা হাসানের সাম্প্রতিক সাক্ষাৎকারের বিষয়ে কোনো মন্তব্য করেননি হাসনাত আবদুল্লাহ। প্রকৃতপক্ষে, কোনো তথ্যসূত্র ছাড়াই আলোচিতভুয়া দাবিটি প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে কিওয়ার্ড সার্চ করে হাসনাত আবদুল্লাহর এ সংক্রান্ত কোনো বক্তব্য বা বিবৃতি গণমাধ্যম সূত্র বা তার ফেসবুক প্রোফাইলে পাওয়া যায়নি।
৫ মার্চ মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ১১ দলীয় জোটের জোট প্রধান দল জামায়াতে ইসলামী। সংবাদ সম্মেলনে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে, যা সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানের বক্তব্যে পরিষ্কার বলে দাবি করেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। উক্ত সংবাদ সম্মেলনে হাসনাত উপস্থিত ছিলেন না। তার কোনো বক্তব্যও সেখানে প্রচার হয়নি।
পরদিন নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জনগণের রায়কে পাল্টে দেওয়ার অভিযোগ এনে সাবেক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের দাবি জানায় জামায়াতে ইসলামী৷ এই দাবিতে সেদিন ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে দলটি৷ এত প্রধান অতিথি ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এই মিছিলেও হাসনাত উপস্থিত ছিলেন না।
সুতরাং, রিজওয়ানা হাসানের সাম্প্রতিক সাক্ষাৎকার নিয়ে হাসনাত আবদুল্লাহর মন্তব্য দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।
তথ্যসূত্র
- Channel24: নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে, যা রিজওয়ানা হাসানের বক্তব্যে পরিষ্কার: ডা. তাহের
- Rumor Scanner’s own analysis

