‘চিকিৎসার জন্য ভারতে যাওয়া কোনো অন্যায় নয়’ বলে মন্তব্য করেননি হাসনাত আবদুল্লাহ  

সম্প্রতি, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে উদ্ধৃত করে ‘চিকিৎসার জন্য ভারতে যাওয়া কোনো অন্যায় নয়: হাসনাত’ শিরোনামে তার ছবি যুক্ত করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, হাসনাত আবদুল্লাহ এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্টকে আসল খবর হিসেবে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে, মূলধারার গণমাধ্যম ‘বাংলা ভিশন’ এর লোগোর আদলে তৈরি ‘গুজব ভিশন’ নামের একটি ফেসবুক পেজে আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।

‘গুজব ভিশন’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের পরিচিতি পর্বে ‘শুধুমাত্র বিনোদনের জন্য! সমসাময়িক খবর ব্যঙ্গ-সারকজমে উপস্থাপন। সিরিয়াস হবেন না।’ শীর্ষক বাক্যের উল্লেখ পাওয়া যায়। এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

পরবর্তীতে, হাসনাত আবদুল্লাহ’র ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করলে আলোচিত বিষয় নিয়ে কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, হাসনাত আবদুল্লা ‘চিকিৎসার জন্য ভারতে যাওয়া কোনো অন্যায় নয়’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

  • Hasnat Abdullah – Facebook Page
  • Rumor Scanner’s Own Analysis 
Share: