হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলার দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পাদিত 

সম্প্রতি কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে এক ব্যক্তিকে বলতে দেখা যায়, “১৭ বছর গাড়ি চালাইছি, কোনো জিপি-টিপি লাগে না, আমরার চাঁদা নেয় না। এখন হাসনাত ভাইয়া আসার পর আমরা ১২০ টাকা করে জিপি দিছি।”

ভিডিওটির মাধ্যমে দাবি করা হচ্ছে, ওই ব্যক্তি হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওতে থাকা ব্যক্তি হাসনাত আবদুল্লাহকে জড়িয়ে এ ধরনের কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, তার মূল বক্তব্যের ভিডিও সম্পাদনা করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে ‘M M Arif Vlogs’ নামের একটি ফেসবুক পেজে গত ৯ মার্চ প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ওই ভিডিওর দৃশ্যের সঙ্গে আলোচিত ভিডিওটির মিল রয়েছে। তবে বক্তব্যের অংশে পার্থক্য দেখা যায়।

মূল ভিডিওতে ওই ব্যক্তি বলেন, “আমরা ১৭ বছর গাড়ি চালাইছি। ১২০ টাকা করে জিপি দিছি। এখন হাসনাত ভাইয়া আসার পর আমরা কোনো জিপি-টিপি লাগে না। আমরার চাঁদা নেয় না।”

অন্যদিকে, ভাইরাল ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা গেছে, এতে বক্তব্যের মাঝখানে হঠাৎ ফ্রেম পরিবর্তন, কণ্ঠস্বরের স্বাভাবিক ওঠানামায় অসামঞ্জস্য এবং শরীরের অবস্থানে আকস্মিক পরিবর্তনের মতো লক্ষণ রয়েছে। সাধারণত ভিডিও সম্পাদনার ফলে এ ধরনের অসংগতি দেখা যায়।

এছাড়া ভিডিওতে বক্তব্য দেওয়া ব্যক্তির সামনে একজনকে মাইক্রোফোন হাতে সাক্ষাৎকার নিতে দেখা যায়। সংশ্লিষ্ট ফেসবুক পেজটি পর্যালোচনা করে, একই ব্যক্তিকে একইভাবে আরও কয়েকজনের সাক্ষাৎকার নিতে দেখা গেছে। এতে প্রতীয়মান হয়, আলোচিত ভিডিওটিও ওই ফেসবুক পেজেরই কনটেন্ট।

অর্থাৎ, মূল বক্তব্যের ভিডিও সম্পাদনা করে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

সুতরাং, হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলার দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: