গত ০১ মে জাতীয় দৈনিক কালবেলা “নিষিদ্ধ শূকরের মাংসও আমদানি করতে চেয়েছিলেন ড. ইউনূস” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। যা নিয়ে দেশব্যাপী ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এরই প্রেক্ষিতে, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ “আপনারা শুকরের মাংস নিয়ে পড়ে আছেন, অথচ বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করছে না সেটা নিয়ে কারো মাথা ব্যাথা নাই। জুলাই সনদ বাস্তবায়নের জন্য যদি আবারো ইউনুস স্যারকে আনা লাগে আনবো, যদি শুকরের মাংসও খাওয়া লাগে খাবো। আমরা আবারো রাজুতে জড়ো হবো।” শীর্ষক মন্তব্যটি করেছেন বলে একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, হাসনাত আবদুল্লাহ এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, আলোচিত মন্তব্যটি প্রথম একটি সার্কাজম পেজ থেকে প্রচার করা হয়েছে; যা পরবর্তীতে আসল দাবিতে ছড়িয়ে পড়েছে।
হাসনাত আবদুল্লাহ এমন মন্তব্য করলে তা গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশ হতো। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে এমন কোনো মন্তব্য গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি। এমনকি হাসনাত আবদুল্লাহর ফেসবুক অ্যাকাউন্টেও (১, ২) এ সংক্রান্ত কোনো মন্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি।
পরবর্তীতে আলোচিত দাবিটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার। অনুসন্ধানে ‘Bengali Steam’ নামক একটি ফেসবুক পেজ থেকে গত ০৪ মে সকাল ১১টা ২০ মিনিটে প্রচারিত সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়। তবে, উক্ত পোস্টে কোনো সূত্র উল্লেখ করা হয়নি।
পরবর্তীতে ‘Bengali Steam’ নামক ফেসবুক পেজটি বিশ্লেষণ করে দেখা যায়, এটি একটি সার্কাজম পেজ।

এছাড়া, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরও অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
সুতরাং, হাসনাত আবদুল্লাহ “আপনারা শুকরের মাংস নিয়ে পড়ে আছেন, অথচ বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করছে না সেটা নিয়ে কারো মাথা ব্যাথা নাই। জুলাই সনদ বাস্তবায়নের জন্য যদি আবারো ইউনুস স্যারকে আনা লাগে আনবো, যদি শুকরের মাংসও খাওয়া লাগে খাবো। আমরা আবারো রাজুতে জড়ো হবো।” শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Hasnat Abdullah- Facebook Account (1, 2)
- Bengali Steam- Facebook Post
- Bengali Steam- Facebook Page


