ত্রাণ দিতে গিয়ে অসুস্থ হয়ে হাসনাত আবদুল্লাহর চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নেওয়ার দাবিটি গুজব

চট্টগ্রামের বন্যা ও জলাবদ্ধতায় পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। এরই প্রেক্ষিতে ত্রাণ দিতে গিয়ে অসুস্থ হয়ে হাসনাত আবদুল্লাহ চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) চিকিৎসাধীন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ত্রাণ দিতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসনাত আবদুল্লাহর চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসা নেওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের আগস্টে ঢাকার সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পর হাসনাত আবদুল্লাহকে হাসপাতালে নেওয়া হলে সেসময়ে ধারণকৃত ভিডিওকে সম্প্রতি আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পোস্টের ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ২৬ আগস্টে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত দাবি সংবলিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।

এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে একই শিরোনামে ঢাকা পোস্টের ওয়েবসাইটে ২০২৪ সালের ২৫ আগস্টে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন পাওয়া যায়। উক্ত সংবাদ প্রতিবেদনটি থেকে জানা যায়, “রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) নিয়ে আসা হয়েছে। রোববার (২৫ আগস্ট) রাতে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। […] এর আগে রাত ৯টা ২০ মিনিটের দিকে সচিবালয়ের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। সরেজমিনে দেখা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে আটক রাখার খবরে সচিবালয়ের উদ্দেশে রওনা হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় আনসার সদস্যরা শিক্ষার্থীদের ধাওয়া করে। […]”

এছাড়াও, গত ২৫ ও ২৬ আগস্টে মূলধারার গণমাধ্যম চ্যানেল২৪, একাত্তর টিভিইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনসহ একাধিক গণমাধ্যমের ইউটিউব চ্যানেলে আহত অবস্থায় হাসনাত আবদুল্লাহর ধারণকৃত দৃশ্য প্রচার করা হয়, যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য পাওয়া যায়।

এ বিষয়ে হাসনাত আবদুল্লাহর একান্ত সহকারী সচিব জনাব সায়েম বিষয়টিকে সম্পূর্ণ ভুয়া বলে রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেন এবং হাসনাত আবদুল্লাহ সম্পূর্ণ সুস্থ ও ঢাকায় অবস্থান করছেন বলেও জানান তিনি। 

উল্লেখ্য, পূর্বেও একই ভিডিও প্রচার করে ‘শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে হাসনাত আবদুল্লাহ হাসপাতালে ভর্তি’ শীর্ষক দাবিতে প্রচার করা হয়েছিল। সেসময়ে বিষয়টিকে বিভ্রান্তিকর হিসেবে শনাক্ত করে বিস্তারিত ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। 

সুতরাং, ২০২৪ সালের আগস্টে সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পর হাসনাত আবদুল্লাহকে হাসপাতালে নেওয়া হলে সেসময়ে ধারণকৃত ভিডিওকে সম্প্রতি ত্রাণ দিতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসনাত চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: