জাইমা রহমানের কথায় হাসনাত আবদুল্লাহর বিএনপিতে যোগদানের দাবিটি ভুয়া, প্রচারিত ছবিটি এআই-নির্মিত

সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের ছবি যুক্ত করে ‘জাইমা রহমানের এক কথায় জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন হাসনাত আব্দুল্লাহ’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জাইমা রহমানের কথায় হাসনাত আবদুল্লাহ বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেননি। তাছাড়া, হাসনাত আবদুল্লাহ জামায়াতে ইসলামীর নয়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা। এছাড়া, জাইমা রহমানের সাথে হাসনাতের হাত মেলানোর ছবিও আসল নয়৷ প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় তৈরি ছবি ব্যবহার করে কোনোপ্রকার নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়া আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে৷
উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। বেশ কিছু অপ্রাসঙ্গিক ছবি ও ফুটেজ যুক্ত করে আলোচিত দাবির ভিডিওটি তৈরি করা হয়েছে। গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে উক্ত দাবিকে সমর্থন করে এমন কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি৷
এ বিষয়ে অনুসন্ধানে আজ (২৬ জানুয়ারি) প্রথম আলোর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহকে সমর্থন দিয়েছেন আরেক প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমান। মজিবুর রহমান ওই জোটেরই খেলাফত মজলিসের প্রার্থী। গতকাল রোববার দেবীদ্বার পৌর এলাকার ফতেহাবাদ গ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর শাপলা কলির গণসংযোগে অংশ নেন মজিবুর রহমান। এ সময় মজিবুর রহমান শাপলা কলি প্রতীককে ভোট দিয়ে বিজয়ী করতে ভোটারদের আহ্বান জানান।
এছাড়া, এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট বা তথ্য খুঁজে পাওয়া যায়নি৷ বরং, উক্ত ফেসবুক পেজে ২৪ জানুয়ারি হাসনাত আবদুল্লাহর ছবিযুক্ত ও তাকে ‘মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল), এনসিপি’ সম্বোধন করে একটি ফটোকার্ড প্রকাশ করা হয়েছে। এনসিপির ওয়েবসাইট পর্যবেক্ষণ করে তাদের মুখ্য সংগঠক তালিকায় হাসনাত আবদুল্লাহর নাম দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে তালিকাভুক্ত থাকতে দেখা যায়।
তাছাড়া, বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ ও তাদের মিডিয়া সেলের ফেসবুক পেজ এবং তাদের ওয়েবসাইট পর্যবেক্ষণ করে আলোচিত দাবিকে সমর্থন করে এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি৷
পরবর্তীতে, আলোচিত দাবিতে প্রচারিত ছবির বিষয়ে নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘Hive Moderation’ এর মাধ্যমে ছবিটি পরীক্ষা দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ।
সুতরাং, জাইমা রহমানের কথায় হাসনাত আবদুল্লাহ জামায়াত থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা এবং উক্ত দাবিতে প্রচারিত ছবিটি এআই-নির্মিত।
তথ্যসূত্র
- Prothom Alo – কুমিল্লা-৪ আসনে হাসনাতকে সমর্থন দিলেন খেলাফত মজলিসের প্রার্থী
- National Citizen Party – NCP: Facebook Page
- National Citizen Party: Website
- National Citizen Party – NCP: Facebook Post
- Bangladesh Nationalist Party-BNP: Facebook Page
- BNP Media Cell: Facebook Page
- Bangladesh Nationalist Party-BNP: Website
- Hive Moderation: Website

