প্রধানমন্ত্রীকে জড়িয়ে হাসনাতের নামের প্যারোডি এক্স অ্যাকাউন্টের পোস্টকে আসল দাবিতে প্রচার

সম্প্রতি রমজান মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির পাশে এসে তার নির্বাচনী এলাকা ঢাকা-১৭ এর কয়েকজন ভিক্ষুক এসে ইফতার করার ইচ্ছা প্রকাশ করেন। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসলে তিনি তার নিজস্ব তহবিল থেকে ঢাকা-১৭ আসনের সকল ভিক্ষুক, পথশিশু এবং খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের জন্য পরিবারসহ গুলশানের একটি রেস্টুরেন্টে গত ০৮ মার্চ ইফতারের আয়োজন করেছেন উল্লেখ করে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করা হয়।

উক্ত ঘটনার প্রেক্ষিতে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর এক্স অ্যাকাউন্ট পোস্ট দাবিতে ‘Hasnat Abdullah’ নামক ভেরিফাইড টিক চিহ্ন সম্বলিত একটি এক্স অ্যাকাউন্টের পোস্টের স্ক্রিনশট প্রচার করা হয়। উক্ত পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমানের উক্ত ইফতার আয়োজনের প্রশংসা করে বিএনপি মিডিয়া সেলের পোস্টটির ক্যাপশন ও সংযুক্ত ছবিগুলো প্রচার করা হয়৷

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, হাসনাত আবদুল্লাহর এক্স অ্যাকাউন্ট পোস্টের স্ক্রিনশট দাবিতে প্রচারিত অ্যাকাউন্টটি হাসনাত আব্দুল্লাহর প্রকৃত এক্স অ্যাকাউন্ট নয়। প্রকৃতপক্ষে, হাসনাত আবদুল্লাহর নামে পরিচালিত একটি প্যারোডি এক্স অ্যাকাউন্টের পোস্টকে হাসনাত আব্দুল্লাহর পোস্ট দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত স্ক্রিনশটটি পর্যবেক্ষণ করে এতে ‘Parody Account’ উল্লেখ পাওয়া যায়। পরবর্তীতে, আলোচিত এক্স পোস্ট এবং উক্ত এক্স অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে প্রতীয়মান হয়ে যে, অ্যাকাউন্টটিকে ‘প্যারোডি অ্যাকাউন্ট’ বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়া, এক্সে হাসনাত আবদুল্লাহর কোনো অ্যাকাউন্ট নেই বলে নিশ্চিত হয়েছে রিউমর স্ক্যানার।

হাসনাত আবদুল্লাহ এরূপ কোনো পোস্ট করেছেন কিনা তা জানতে তার ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করে আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট বা তথ্য পাওয়া যায়নি।

তাছাড়া, প্রধানমন্ত্রী তারেক রহমানকে জড়িয়ে হাসনাত আবদুল্লাহ এরূপ কোনো প্রশংসাসূচক মন্তব্য করলে এ নিয়ে আলোচনা-সমালোচনা হতো এবং গণমাধ্যমেও গুরুত্ব সহকারে সংবাদ প্রচারিত হতো। কিন্তু গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে উক্ত দাবিকে সমর্থন করে এমন কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি৷

সুতরাং, প্রধানমন্ত্রী তারেক রহমানকে জড়িয়ে হাসনাত আবদুল্লাহ নামক একটি প্যারোডি এক্স অ্যাকাউন্টের পোস্টকে হাসনাত আবদুল্লাহর আসল এক্স অ্যাকাউন্টের পোস্ট দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: