গত ২৫ ফেব্রুয়ারিতে টিকটকে একটি সংবাদের ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

উক্ত দাবির টিকটক ভিডিও দেখুন এখানে, যা দেখা হয়েছে প্রায় ১ লক্ষ ৯২ হাজারের অধিক বার।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের ২৮ নভেম্বর সকালে কুমিল্লা থেকে ঢাকায় ফেরার পথে পর পর দুইবার সড়ক দুর্ঘটনার শিকার হয় হাসনাতকে বহনকারী গাড়ি। সেই সময়ের সংবাদ প্রতিবদনের ভিডিও এটি।
এ বিষয়ে অনুসন্ধানে মূল ধারার গণমাধ্যম চ্যানেল২৪ এর ফেসবুক পেজে ২০২৪ সালের ২৮ নভেম্বর প্রচারিত একটি ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল পাওয়া যায়৷

ভিডিওটি থেকে জানা যায়, ফের সড়ক দুর্ঘটনার কবলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ২৮ নভেম্বর সকালে কুমিল্লা থেকে ঢাকায় ফেরার পথে পর পর দুইবার সড়ক দুর্ঘটনার শিকার হয় তাকে বহনকারী গাড়িটি।
গণমাধ্যমটিকে হাসনাত জানান, প্রথম মাতুয়াইলে একটি ট্রাক তাদের বহনকারী গাড়িটিতে আঘাত করে পালিয়ে যায়, পরে গুলিস্তানে ফের মিনি-ট্রাকের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় গাড়ি। শারীরিকভাবে সুস্থ থাকলেও, পর পর দুর্ঘটনার বিষয়টি পরিকল্পিত হামলা বলে সন্দেহ হাসনাত আব্দুল্লাহর।
এর আগে ২৭ নভেম্বর অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে হাসনাত ও সারজিসের গাড়িবহরের একটি প্রাইভেটকারকে চাপা দেয় একটি ট্রাক। এতে প্রাইভেটকারটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে সে সময়ের একাধিক গণমাধ্যমের (ইনডিপেনডেন্ট টিভি, দেশ রূপান্তর) খবর থেকে একই তথ্য পাওয়া যায়।
অর্থাৎ, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।
পরবর্তী অনুসন্ধানে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম সম্প্রতি সড়ক দুর্ঘটনার কবলে পড়ার কোনো তথ্য পাওয়া যায়নি৷
সুতরাং, ২০২৪ সালে হাসনাত আবদুল্লাহকে বহনকারী গাড়ি সড়ক দুর্ঘটনার কবলে পড়ার ঘটনার সংবাদের ভিডিওকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Channel24: Facebook Video


