বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহর নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১০-দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে উদ্ধৃত করে ‘বিএনপি নেতাকর্মীদের যেখানে পাবেন যে অবস্তাই পাবেন আমি হাসনাত আবদুল্লাহ নির্দেশ দিলাম সরাসরি হ*ত্যা করবেন। ইন্টেরিম সরকার আমাদের।’ শিরোনামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত অনলাইন প্ল্যাটফর্ম ডিইউ ইনসাইডারের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপি নেতাকর্মীদের জড়িয়ে হাসনাত আবদুল্লাহ এমন কোনো মন্তব্য করেননি এবং অনলাইন প্ল্যাটফর্ম ডিইউ ইনসাইডারও এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ডিইউ ইনসাইডার কর্তৃক প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে অনলাইন প্ল্যাটফর্ম ডিইউ ইনসাইডারের লোগো রয়েছে।

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে ডিইউ ইনসাইডারের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।

তবে, ডিইউ ইনসাইডারের ফেসবুক পেজে গত ২১ জানুয়ারি ‘ব্যাংক ডাকাত ও ঋণখেলাপীদের জন্য বাংলাদেশ হারাম করে দিবো’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটির সাদৃশ্য লক্ষ্য করা যায়।

ফটোকার্ডটি পর্যবেক্ষণে দেখা যায়, এর সঙ্গে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত হাসনাত আবদুল্লাহর ছবি ও ডিইউ ইনসাইডারের লোগো রয়েছে। তবে দুই ফটোকার্ডের শিরোনামের পার্থক্য আছে। এছাড়া, ডিইউ ইনসাইডারে ব্যবহৃত শিরোনামের ফন্ট ডিজাইনের সাথে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের অমিল রয়েছে।

অর্থাৎ, ডিইউ ইনসাইডারের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

পরবর্তীতে, হাসনাত আবদুল্লাহর ভেরিফাইড ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করে আলোচিত দাবি সংবলিত কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়াও, তার মতো আলোচিত ছাত্রনেতা এমন মন্তব্য করলে তা স্বাভাবিকভাবেই মূলধারার গণমাধ্যমে প্রচারিত হওয়ার কথা ছিল। কিন্তু এ বিষয়ে কোনো সংবাদ বা প্রতিবেদন পাওয়া যায়নি।

সুতরাং, বিএনপি নেতাকর্মীদের জড়িয়ে হাসনাত আবদুল্লাহকে উদ্ধৃত করে ডিইউ ইনসাইডারের নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: