তারেক রহমানকে জড়িয়ে হাসনাত আবদুল্লাহর নামে যুগান্তরের সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে, জাতীয় নাগরিক পার্টির (দক্ষিণাঞ্চল) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অশালীন মন্তব্য করেছেন দাবিতে দৈনিক যুগান্তরের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। প্রচারিত ফটোকার্ডটিতে দাবি করা হয়, হাসনাত আব্দুল্লাহ ‘অন্তত পক্ষে তারেক রহমান এর মতো হাওয়া ভবন বানিয়ে ইন্ডিয়ান নট্যকি এনে নাচাতে পারবো না, আমি দেশের সেবা করবো এটাই আমার ওয়াদা’ শীর্ষক মন্তব্য করেছেন।

ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তারেক রহমানকে জড়িয়ে হাসনাত আব্দুল্লাহ এমন কোনো মন্তব্য করেননি এবং যুগান্তরও এরূপ দাবিতে কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, যুগান্তরের ফেসবুক পেজে প্রচারিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে যুগান্তরের লোগো রয়েছে। উক্ত সূত্র ধরে যুগান্তরের ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, যুগান্তরের ওয়েবসাইটইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করেও আলোচিত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, যুগান্তরের ফেসবুক পেজে গত ২৩ জানুয়ারি ‘আমাকে দিয়ে আর যাই হোক, চাঁদাবাজি টেন্ডারবাজি দুর্নীতি সম্ভব না’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য রয়েছে।

তবে, উভয় ফটোকার্ডে শিরোনামে পার্থক্য রয়েছে। যুগান্তরের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডে

‘আমাকে দিয়ে আর যাই হোক, চাঁদাবাজি টেন্ডারবাজি দুর্নীতি সম্ভব না’ শীর্ষক বাক্য লেখা থাকলেও আলোচিত ফটোকার্ডে হাসনাত আব্দুল্লাহকে উদ্ধৃত করে ‘অন্তত পক্ষে তারেক রহমান এর মতো হাওয়া ভবন বানিয়ে ইন্ডিয়ান নট্যকি এনে নাচাতে পারবো না, আমি দেশের সেবা করবো এটাই আমার ওয়াদা- হাসনাত আব্দুল্লাহ’ শীর্ষক বাক্য লেখা হয়েছে। তাছাড়া, যুগান্তরের ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়।

অর্থাৎ, যুগান্তরের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবির ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সংবলিত যুগান্তরের পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত ২৩ জানুয়ারি কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ী এলাকায় উঠান বৈঠকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনে জামায়াত জোটের মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘এলাকার কৃষক-শ্রমিক মেহনতী মানুষ জানে হাসনাত আবদুল্লাহ যদি নির্বাচিত হয় অন্ততপক্ষে চাঁদাবাজি করবে না। তাই এবার তারা অন্য পার্টির মিছিল-মিটিং করবে কিন্তু গোপনে এসে আমাকেই ভোটটা দেবে। তারা ভালো করেই জানে আমার দ্বারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, অনিয়ম-দুর্নীতি কখনো সম্ভব হবে না।’

সুতরাং, তারেক রহমানকে নিয়ে হাসনাত আব্দুল্লাহর অশালীন মন্তব্যসহ যুগান্তরের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: