আ.লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া প্রসঙ্গে চিত্রনায়িকা নিপুনের নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি, চিত্রনায়িকা নিপুন আক্তারের ছবি ব্যবহার করে তাকে উদ্ধৃত করে ‘আওয়ামী লীগের উপর থাকা, নিষেধাজ্ঞা উঠিয়ে নিন সময় থাকতে, না হলে পরিনাম খারাপ হবে’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া প্রসঙ্গে আলোচিত মন্তব্য করেননি চিত্রনায়িকা নিপুন। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত মন্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনা করে দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ, বক্তব্যের উৎস বা প্রাসঙ্গিক রেফারেন্স পাওয়া যায়নি। পোস্টগুলোতে কোথায়, কবে বা কোন প্রেক্ষাপটে তিনি এমন মন্তব্য করেছেন সে সম্পর্কেও কোনো সুনির্দিষ্ট তথ্য উল্লেখ করা হয়নি।
অনুসন্ধানের অংশ হিসেবে চিত্রনায়িকা নিপুনের ফেসবুক প্রোফাইল ও পেজে প্রচারিত তথ্য পর্যবেক্ষণ করেও আলোচিত দাবির সত্যতা মেলেনি।
সাধারণত দেশের জনপ্রিয় কোনো ব্যক্তি, বিশেষ করে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচিত মন্তব্য করলে সেটি গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশিত হয় এবং বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে তার প্রতিফলন দেখা যায়। কিন্তু চিত্রনায়িকা নিপুন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া প্রসঙ্গে এমন মন্তব্য করার তথ্য বিশ্বস্ত কোনো সংবাদমাধ্যমে পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই লোকচক্ষুর আড়ালে ছিলেন চিত্রনায়িকা নিপুন। কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত থাকা ও হত্যাচেষ্টা মামলাও রয়েছে তার বিরুদ্ধে।
সুতরাং, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া প্রসঙ্গে চিত্রনায়িকা নিপুনের নামে প্রচারিত এই মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Nipun Akter – Facebook Account
- Nipun – Facebook Page
- Jugantor – ‘৬৪ জেলায় মামলা হচ্ছে নিপুণের বিরুদ্ধে’

