লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনীর ওপর হিজবুল্লাহর রকেট হামলা দাবিতে পুরোনো ভিডিও প্রচার

চলমান ইরান-ইসরায়েল সংঘাতের মাঝে লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনীর ওপর হিজবুল্লাহ রকেট হামলা চালিয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়। প্রচারিত ভিডিওটিতে দেখা যায়, একদল সামরিক সদস্যের ওপর একজন ব্যক্তি রকেট হামলা করেন। যাতে ব্যাপক বিস্ফোরণ ঘটে।
ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনীর ওপর হিজবুল্লাহর রকেট হামলা চালানোর ঘটনার নয়। প্রকৃতপক্ষে, সিরিয়ায় গৃহযুদ্ধ চলাকালীন শিয়াপন্থী ইরানি বাহিনীর ওপর সুন্নি ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী জায়েশ আল-ইজ্জার রকেট হামলা চালানোর পুরোনা ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে almarra today নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১৬ সালের ১৬ অক্টোবর একই ভিডিওটি প্রচারিত হতে দেখা যায়। ভিডিওটির শিরোনাম ইংরেজি ভাষায় অনুবাদের মাধ্যমে জানা যায়, এটি সিরিয়ার হামা জেলার মার্দিস নামের একটি গ্রামে সুন্নি ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী জায়েশ আল-ইজ্জার রকেট হামলা চালানোর ভিডিও।
পরবর্তীতে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে সিরিয়ান গণমাধ্যম Orient Net-এর ওয়েবসাইটে ২০১৬ সালের ১৬ অক্টোবর প্রকাশিত একই ভিডিও সংবলিত একটি প্রতিবেদনও খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকেও একই তথ্য জানা যায়। পাশাপাশি জানা যায়, ভিডিওটিতে জায়েশ আল-ইজ্জার সদস্যকে শিয়াপন্থী ইরানি বাহিনীর ওপর হামলা চালাতে দেখা যায়।
অর্থাৎ, আলোচিত এই ভিডিওটি চলমান ইরান-ইসরায়েল সংঘাতের নয় বরং, সিরিয়ার গৃহযুদ্ধ চলাকালীন ধারণ করা পুরোনো ভিডিও।
সুতরাং, সিরিয়ার গৃহযুদ্ধের পুরোনো ভিডিওকে লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনীর ওপর হিজবুল্লাহর রকেট হামলার দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- almarra today Youtube Channel: Witness … Al-Izza Army kills and injures dozens with TOW missile on the front of Maardis in Hama countryside
- Orient Net Youtube Channel: Watch… TOW missile kills a group of “Iranian militias” in Hama countryside
- Rumor Scanner’s Analysis

