বাংলাদেশে হিন্দু নারীদের ওপর হামলার দৃশ্য দাবিতে ভারতের ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

সম্প্রতি, একটি ভারতীয় এক্স অ্যাকাউন্ট থেকে সাতক্ষীরায় হিন্দু নারীদের ওপর হামলার ঘটনার দৃশ্য দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওর ঘটনাটি বাংলাদেশে ঘটেনি। প্রকৃতপক্ষে, ২০২৫ সালে ভারতের দিনাজপুর জেলার গঙ্গারামপুরে সরস্বতী পূজার দিন তৃতীয় লিঙ্গের নারীদের সাথে এক ব্যক্তির মারামারির ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘বেকার ছেলে সায়ন’ নামক একটি ভারতীয় ফেসবুক ব্যবহারকারীর ২০২৫ সালের ০৩ ফেব্রুয়ারি প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে সংযুক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে।

উক্ত ভিডিওর ক্যাপশন অনুযায়ী, দৃশ্যটি গঙ্গারামপুর কালদিঘি পার্কের। পরবর্তীতে, কি ওয়ার্ড সার্চের মাধ্যমে জানা যায়, গঙ্গারামপুর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার একটি শহর।

উক্ত সূত্র ধরে অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম ‘Times Now খবর’ এর ওয়েবসাইটে ২০২৫ সালেএ ০৪ ফেব্রুয়ারি ‘সরস্বতী পুজোয় বৃহন্নলা বনাম যুগল! শুয়ে ফেলে ঘুষি, পাল্টা বাঁশ দিয়ে মার, ভাইরাল হল ভিডিও’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে সংযুক্ত কোলাজ ছবির সাথে আলোচিত ভিডিওটির দৃশ্যাবলীর মিল রয়েছে।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের গঙ্গারামপুর কালদিঘি পার্কে এক যুগলের সাথে তৃতীয় লিঙ্গের নারীদের মারামারির দৃশ্য এটি।

এছাড়া, জিও লোকেশনে যুক্ত উক্ত স্থানের একটি ভিডিওতে থাকা পুকুরের দৃশ্যের সাথে আলোচিত ভিডিওতে থাকা পুকুরের দৃশ্যেরও মিল খুঁজে পাওয়া যায়।

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয়।

সুতরাং, বাংলাদেশে হিন্দু নারীদের ওপর হামলার দৃশ্য দাবিতে ভারতে এক যুবক ও তৃতীয় লিঙ্গের নারীদের মারামারির ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: