ওসমান হাদির মৃত্যুর পর ভাঙচুরের ঘটনায় জামায়াত-শিবিরকে দায়ী করে মন্তব্য করেননি স্বরাষ্ট্র উপদেষ্টা

গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। এরপর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মারা যান। ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাতভর দেশের বিভিন্ন স্থানে ভবনে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর ছবিযুক্ত একটি ফটোকার্ড প্রচার করা হয়। যেখানে দাবি করা হয় যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন- ‘ওসমান হাদীর মৃত্যুর পরে সারাদেশে যেভাবে ভাংচুর হয়েছে, তার জন্য জামায়াত শিবির দায়ী’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত পোস্টটিতে প্রায় ৩ হাজারটি পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং দেড় হাজারেরও অধিক বার শেয়ার করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ‘ওসমান হাদীর মৃত্যুর পরে সারাদেশে যেভাবে ভাংচুর হয়েছে, তার জন্য জামায়াত শিবির দায়ী’ শীর্ষক কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই স্বরাষ্ট্র উপদেষ্টার নামে আলোচিত ভুয়া এই মন্তব্যটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও মূলধারার গণমাধ্যমগুলোতে দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে জাহাঙ্গীর আলম চৌধুরী এরূপ কোনো মন্তব্য করে থাকলে তা মূলধারার গণমাধ্যমে প্রচার করা হতো।
ওসমান হাদির মৃত্যুর পর জাহাঙ্গীর আলম চৌধুরীর মন্তব্যের বিষয়ে জানা যায়, ১৯ ডিসেম্বর এক শোকবার্তায় জাহাঙ্গীর আলম চৌধুরী ওসমান হাদির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের এক অকুতোভয় যোদ্ধা, নির্ভীক কণ্ঠস্বর ও সাহসী সংগঠক। অন্যায়-অবিচার, শোষণ-নির্যাতন ও দমন-পীড়নের বিরুদ্ধে তাঁর আপসহীন অবস্থান ছিলো মজলুম ও গণতন্ত্রকামী মানুষের নিকট অফুরন্ত প্রেরণার উৎস।
তবে কোথাও ওসমান হাদির মৃত্যুর পর ভাঙচুরের ঘটনায় জামায়াত-শিবিরকে দায়ী করে জাহাঙ্গীর আলম চৌধুরীকে কোনো মন্তব্য করতে দেখা যায়নি।
সুতরাং, স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ‘ওসমান হাদীর মৃত্যুর পরে সারাদেশে যেভাবে ভাংচুর হয়েছে, তার জন্য জামায়াত শিবির দায়ী’ বলে মন্তব্য করেছেন শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- BSS News – শরিফ ওসমান হাদির অকাল প্রয়াণে স্বরাষ্ট্র উপদেষ্টার শোক
- Rumor Scanner’s analysis

