‘যে দেশে শিবির আছে সেই দেশে আলাদা শত্রুর প্রয়োজন নাই’ মন্তব্য করেননি স্বরাষ্ট্র উপদেষ্টা

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “যে দেশে শিবির আছে, সেই দেশে আলাদা শত্রুর প্রয়োজন নাই”।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত পোস্টগুলোতে সম্মিলিতভাবে প্রায় ১১ হাজারটি পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ‘যে দেশে শিবির আছে, সেই দেশে আলাদা শত্রুর প্রয়োজন নাই’ বলেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। তবে, প্রচারিত পোস্টগুলোতে সংযুক্ত ফটোকার্ডে মূলধারার গণমাধ্যম ‘সময় টিভি’র লোগোর আদলে তৈরি ‘গরম টিভি’ নামের একটি লোগোর সংযুক্তি ও ফটোকার্ড প্রচারের তারিখ হিসেবে ২০ ডিসেম্বরের উল্লেখ পাওয়া যায়৷
এরই সূত্র ধরে অনুসন্ধানে ‘গরম টিভি’ নামের একটি ফেসবুক পেজে গত ২০ ডিসেম্বরে আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।

‘গরম টিভি’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘পেজের সমস্ত খবর ব্যঙ্গ ও বিনোদনের জন্য তৈরি। এটি কোনো বাস্তব বা প্রকৃত খবরের পেজ নয়।’ এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
সুতরাং, স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ‘যে দেশে শিবির আছে, সেই দেশে আলাদা শত্রুর প্রয়োজন নাই’ বলেছেন শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Gorom TV – Facebook Post
- Rumor Scanner’s analysis

